আসছে সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। গত কয়েকদিন ধরেই এই গুঞ্জন ছিল ক্রিকেট পাড়ায়। অপেক্ষা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে নিশ্চয়তা পাওয়ার।

রবিবার (২৮ আগস্ট) রাতে সিরিজের বিষয়টি নিশ্চিত করলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। একই সঙ্গে আফগানিস্তান ক্রিকেট বোর্ডও নিশ্চিত করেছে বিষয়টি।

সাংবাদিকদের নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয়টি হবে ২৮ সেপ্টেম্বর। তৃতীয়টি অনুষ্ঠিত হবে ০১ অক্টোবর।

তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল সাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫, ২৭ ও ৩০ সেপ্টেম্বর। ফলে ম্যাচের তারিখ নিয়ে খানিকটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। বিষয়টি ব্যাখ্যা করেছেন বিসিবি প্রধান। পাপন জানিয়েছেন, নিজেদের সুবিধার্থে বাংলাদেশ সিরিজের সূচিতে কিছু পরিবর্তন এনেছে।

এদিকে, সিরিজ সামনে রেখে আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নাসিমুল্লাহ দানিশ বলেছেন, ‘বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে এটাই প্রথম ক্রিকেট সিরিজ। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের উপভোগ্য খেলা উপহার দেওয়ার আশায় রয়েছি আমরা।’ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলায় বিসিবিকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

এমএনজে