এডিসন কাভানির হ্যাটট্রিকে গোল উৎসবে মেতে উঠলো ফরাসি ক্লাব পিএসজি। শুক্রবার রাতে প্রতিপক্ষ সায়েনের মাঠে ম্যাচের প্রথমার্ধেই চারটি গোল করেছেন পিএসজির গোলমেশিন এডিনসন কাভানি। শেষ পর্যন্ত ৬-০ গোলের বিশাল জয় পায় ফরাসি জায়ান্ট।
চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ খেলা ম্যাচে পিএসজির হয়ে ম্যাচের শুরুতেই গোল করেছিলেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার কাভানি। আর্সেনাল পরে গোল শোধ দিয়েছিল। আর লিগ ওয়ানের এই ম্যাচে কাভানির দুর্দান্ত পারফর্মে সহজ জয় তুলে নেয় পিএসজি।
এদিন ম্যাচের ১২তম মিনিটে নিজের গোলের খাতা খোলেন কাভানি। ম্যাক্সওয়েলের অ্যাসিস্ট থেকে ১-০তে এগিয়ে যায় পিএসজি। ২৩ মিনিটের মাথায় পেনাল্টির সুযোগ থেকে গোল করেন কাভানি (২-০)। আর ৩৮ মিনিটের মাথায় হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে দলের ও নিজের চতুর্থ গোলটি করেন কাভানি। ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।
বিরতির পর কাভানি মাঠে নামেননি। তিনি না থাকলেও বিরতির পর আরও দুটি গোল করে পিএসজি। খেলার ৬৭ মিনিটে লুকাস মোউরা দলকে ৫-০তে এগিয়ে নেন। আর ৭৮ মিনিটের মাথায় অগাস্টিন ৬-০ গোলের লিড পাইয়ে দেন।
এমএনজে





