মাত্র এক বছরের ব্যবধানে আবারো ঘরের ক্লাব এসি মিলানে ফিরে এসেছেন লিভারপুলের সাথে কোনভাবেই খাপ খাওয়াতে না পারা তারকা ফরোয়ার্ড মারিও বালোতেল্লি। আর নতুনভাবে পুরনো দলে ফিরে এসে নিজের ক্যারিয়ার আবারো পুনর্জাগরণে আশাবাদী এই ইতালিয়ান।

যদিও স্থায়ীভাবে নয়, এক বছরের ধারে বালোতেল্লিকে রেডস থেকে উড়িয়ে নিয়ে এসেছে মিলান। আর এর ফলে সমর্থক ও বিশেষজ্ঞদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

২০১৪ সালের গ্রীষ্মে মিলান থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন বালোতেল্লি। কিন্তু অ্যানফিল্ডে ক্যারিয়ারের অন্যতম বাজে একটি মৌসুম কাটিয়ে এই বিতর্কিত ইতালিয়ান স্ট্রাইকার পুনরায় সাতবারের ইউরোপীয়ান চ্যাম্পিয়ন দলে এক বছরের ধারে যোগ দিলেন।

নিজেদের ওয়েবসাইটে মিলান এই দলভূক্তির বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার মেডিকেল পরীক্ষার পরে বালোতেল্লি স্থানীয় সাংবাদিকদের কাছে বলেছেন, ‘ফিরে আসতে পেরে আমি দারুন খুশী। এই ক্লাবটি আমার হৃদয়জুড়ে অবস্থান করছে এবং সবসময়ই এখানে খেলার আশা রাখি। শারীরিক ভাবেও আমি ফিট, এখন শুধুমাত্র পুরো দলের সাথে অনুশীলনে নামার অপেক্ষা।’

ইংলিশ প্রিমিয়ার লিগের সময়টা খুব একটা ভাল কাটেনি বালোতেল্লির। গত মৌসমে রেডসদের হয়ে ১৬ ম্যাচে করেছেন মাত্র একটি গোল। ব্রাজিল বিশ্বকাপের পরেই তিনি ইংলিশ ক্লাবটিতে যোগ দিয়েছিলেন এবং তারপর থেকে আর জাতীয় দলেও সুযোগ পাননি। কিন্তু আগামী বছরের গ্রীষ্মে ফ্রান্সে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপকে সামনে রেখে ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার আবারো ঘরের ক্লাবে ফিরে এসেছেন। তার এই ফিরে আসাটাকে অনেকেই ক্যারিয়ারের নাটকীয় মোড় হিসেবে বিবেচনা করেছেন।

জেডআই