একটুর জন্য বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিসহ পুরো ঝাড়খণ্ড দল। তারা যে পাঁচ তারকা হোটেলে ছিলেন, সে হোটেলটিতে আগুন লেগেছিল। সেখান থেকে খেলোয়াড়দের নিরাপদে বের করে আনা সম্ভব হলেও খেলোয়াড়দের ক্রীড়াসামগ্রী পুড়ে গেছে।
দিল্লির ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ছয়টায় ওয়েলকাম নামের ওই হোটেলে আগুন লেগেছিল। তবে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ধোনিদের নিরাপদে বের করা সম্ভব হলেও দলের সব ক্রীড়া সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন তারা।অগ্নিকাণ্ডে ধোনি ও তার পুরো দল আটকা পড়েছিলেন বলে প্রাথমিক খবরে বলা হয়েছে। এখনো এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
বিজয় হাজারে ট্রফির সেমিফাইনাল খেলতে ধোনি ও তাঁর দল এখন দিল্লিতে। তাদের প্রতিপক্ষ বাংলা। আজই শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। এ ম্যাচের জন্য ওই হোটেলে উঠেছিলেন তারা।এদিকে দুর্ঘটনার পর সেমিফাইনালও পিছিয়ে দেওয়া হয়েছে বিজয় হাজারে ট্রফির। এখনো আনুষ্ঠানিকভাবে পরবর্তী সূচি জানানো হয়নি। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে
জেড





