অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ বাঁচানো টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৪২২ রানে পিছিয়ে আছে ভারত।

শনিবার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে এক উইকেটের বিনিময় ১০৮ রান সংগ্রহ করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারী দলটি।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৫৩০ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫৫ রানে প্রথম উইকেট হারায় ভারত। হ্যারিসের বলে স্মিথের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ২৮ রান করা শেখর ধাওয়ান। ওপেনার মুরালি বিজয় ৫৫ রান ও চেতেশ্বর পুজারা ২৩ রান নিয়ে অপরাজিত আছেন।

এর আগে ২৫৯ রান নিয়ে এদিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। হাতে ছিল পাঁচটি উইকেট।

এদিন ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন অধিনায়ক স্টিভেন স্মিথ। ৭২ রান নিয়ে খেলা শুরু করা এই ব্যাটসম্যান সেঞ্চুরি পার করে ডাবল সেঞ্চুরির দিকে এগিয়ে যান। কিন্তু মাত্র ৮ রানের জন্য সেই লক্ষ্য পূরণ করতে পারেননি। শেষ উইকেট হিসেবে মাঠ ছাড়ার আগে ৩০৫ বলে ১৯২ রান করা স্মিথের ইনিংসটি সাজানো ছিল ১৫টি চার ও একটি ছক্কায়।

স্মিথকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন রায়ান হ্যারিস। অশ্বিনের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৭৪ রান করেন তিনি। এছাড়া আগের দিন ২৩ রান করা ব্রাড হ্যাডিন ৫৫ রান করে আউট হয়েছিলেন।

শেষ পর্যন্ত সব উইকেটের বিনিময় ৫৩০ রান করে অস্ট্রেলিয়া।

ভারতের বোলার মোহাম্মদ সামি চারটি উইকেট শিকার করেন। এছাড়া রবিচন্দ্র অশ্বিন ও উমেশ যাদব তিনটি করে উইকেট পান।

জেডআই