স্টুয়ার্ট ব্রড আর অ্যান্ডারসন মিলে ভারতবধে মেতে উঠেছিলেন চতুর্থ টেস্টের প্রথম দিনে। টসে জিতে ব্যাটিংয়ে নামে ভারত। কিন্তু কেবল ব্রড আর অ্যান্ডারসনেই শেষ হয়ে গেল সফররত ভারত। ব্রড ৬টি আর অ্যান্ডারসন নিয়েছেন ৩টি উইকেট।

প্রথম ইনিংসের প্রথম দিনেই সবকটি উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে ধোনিবাহিনী। অন্যদিকে দিনশেষে ৩ উইকেটে ১১৩ রান তুলতে সক্ষম হয় স্বাগতিক ইংল্যান্ড।

ভারতীয় ব্যাটসম্যানদের ড্রেসিংরুমে যাওয়া-আসার গতি দেখে মনেই হচ্ছিল না তারা টেস্ট খেলছেন! একজন উইকেটে নামতে না নামতেই আর একজন আউট। চোখে পলকে মাত্র আট রানে চারজন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান সাজ ঘরে ফিরেন তারা।

গৌতম গম্ভীর (৪) ছাড়া প্রথম চার ব্যাটসম্যানের আর কেউ রানের খাতাই খুলতে পারেননি। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৭১ রান ও রবিচন্দ্রন অশ্বিন করেন ৪০ রান। এ ছাড়া অজিঙ্কা রাহানে করেন ২৪ রান।

স্টুয়ার্ট ব্রড ১৩.৪ ওভারের ৬টি মেডেন। রান দিয়েছেন মাত্র ২৫, তুলে নিয়েছেন ৬ উইকেট। তার রান দেয়ার গড় মাত্র ১.৮২। অন্যদিকে অ্যান্ডারসন ১৪ ওভার বল করে ৪৬ রান দিয়েছেন। উইকেট নিয়েছেন ৩টি।

ভারতের ইনিংস শেষ হওয়ার পর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৭ রানে সাজ ঘরে ফিরেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। স্যাম রবসন ৬ রানে ফিরেন। গ্যারি ব্যালেন্স করেন ৩৭ রান। প্রথম দিন শেষে ৪৫ রানে অপরাজিত আছেন ইয়ান বেল। তার সঙ্গে আছেন জর্ডান। ভারতের পক্ষে অরুণ নিয়েছেন ২টি উইকেট। দ্বিতীয় দিন ১১৩ রান নিয়ে খেলতে নামবে ইংরেজরা, হাতে রয়েছে ৭টি উইকেট। সূত্র: ক্রিকইনফো

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ