সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে লাল-সবুজের দল বাংলাদেশ।

দলের হয়ে জয় সূচক গোল ২টি করেন সিরাত জাহান স্বপ্না ও কৃষ্ণা রানী।  

আজ (০২ অক্টোবর) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় খেলাটি শুরু হয়। এদিন প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ নারী ফুটবল দল।

দ্বিতীয়ার্ধে উভয় দলই গোলের জন্য মরিয়া হয়ে খেলে। কিন্তু দ্বিতীয়ার্ধে আর কোনো গোল দিতে পারেনি বাংলাদেশ। খেলার একিবারে শেষ দিকে ১ গোল করে ব্যবধান কিছুটা কমায় নেপাল। ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারী বাংলাদেশ নারী ফুটবল দল।

প্রথম ম্যাচে পাকিস্তানকে একরকম উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা, জিতেছিল ১৭-০ গোলের বিশাল ব্যবধানে।এই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। আজ (মঙ্গলবার) নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় স্বপ্না-কৃষ্ণারা।  

পাকিস্তানের বিপক্ষে জিতে ‘বি’-গ্রুপ থেকে বাংলাদেশ ও নেপাল দু’দলই সেমিফাইনাল নিশ্চিত করেছে। আজকের ম্যাচটি ছিল শুধুই গ্রুপ শ্রেষ্ঠত্বের লড়াই।

এর আগে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপেও নেপালকে এই ভুটানের মাটিতে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। সেই দলের অনেক খেলোয়াড়ই রয়েছেন অনূর্ধ্ব-১৮ দলে। 

এমবি