[b]মাদ্রিদ:[/b] লা লিগায় চলতি মৌসুমে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সমান পয়েন্ট নিয়ে এগিয়ে যাচ্ছে শীর্ষ দুই দল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। রোববার রাতে লেভান্তের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফলে পয়েন্ট ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ পায় অ্যাটলেটিকো। একই রাতে এটা জেনে মাঠে নেমেও সুযোগটি কাজে লাগাতে পারেনি কোচ ডিয়াগো সিমন্সের শিষ্যরা। স্টেডিও ভিনসেন্ট কালদেরোনে সেভিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা।
এই ম্যাচে ড্রয়ের ফলে মৌসুমে নিজেদের মাঠে দ্বিতীয়বারের মতো পয়েন্ট হারালো অ্যাটলেটিকো। সেই সঙ্গে পয়েন্ট টেবিলেও শীর্ষে থাকা বার্সেলোনার পরের স্থানেই আছে মাদ্রিদের ক্লাবটি। ২০ ম্যাচে উভয় দলের সংগ্রহ ৫১‌ পয়েন্ট। এদিকে সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
রোববার প্রথমেই লিড নেয় অ্যাটলেটিকো। খেলার ১৮ মিনিটে সাবেক বার্সা স্ট্রাইকার ডেভিড ভিয়ার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এর তিন মিনিটে আগেই গোল করার নিশ্চিত সুযোগ পায় কোস্টা। সেভিয়ার বিপক্ষে মোট ১০ ম্যাচে নয়বার গোল করা এই স্ট্রাইকারের বল অল্পের জন্য গোলপোস্টের বাহির দিয়ে চলে যায়।
১-০ তে এগিয়ে থেকে বিরতি যাওয়া অ্যাটলেটিকো আর কোনো গোল করতে পারেনি। উল্টো একটি গোল হজম করতে হয় তাদের। ৭০ মিনিটে বক্সের মধ্যে সেভিয়া স্ট্রাইকার বাক্কার জার্সি টেনে ধরে তাকে বাধা দেয়ায় হলুদ কার্ড দেখেন জুয়ানফ্রান। আর পেনাল্টি পেয়ে যায় সফরকারীরা। সেখান থেকে গোল করে দলকে সমতায় ফেরান ইভান র্যাযকিটিক। খেলার ৯০ মিনিটে সেভিয়ার ডিফেন্ডার আলবার্তো লাল কার্ড দেখলেও ড্র নিয়ে মাঠ ছাড়তে পারে তারা।