উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ড্র অনুষ্ঠানে হাসি ফুটেছে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ ও রোমার মুখে। অন্যদিকে শেষ ষোলো কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ, পিএসজি, টটেনহ্যাম ও জুভেন্টাসকে। বার্সেলোনার পথটাও সহজ হবে না।
শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও পিএসজি। অর্থাৎ, নকআউটের প্রথম ধাপেই ফুটবলপ্রেমীরা ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের দ্বৈরথ উপভোগ করতে পারবেন।
গ্রুপ পর্বে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয়া টটেনহ্যামের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। শেষ ষোলোতে ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্টরা খেলবে গত আসরের ফাইনালিস্ট জুভেন্টাসের বিপক্ষে।
দুই বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা তো দূরের কথা; ফাইনালেও ওঠা হয়নি বার্সেলোনার। এবার ফাইনালে যেতে হলে শেষ ষোলোতে চেলসিকে হারাতে হবে লিওনেল মেসিদের।
ম্যানচেস্টার সিটি নিজেদের ভাগ্যবান ভাবতেই পারে। পেপ গার্দিওলার দল নকআউট পর্বে মুখোমুখি হবে বাসেলের।
লিভারপুলের মুখেও চওড়া হাসি থাকার কথা। অ্যানফিল্ডের ক্লাবটি শেষ ষোলোতে এফসি পোর্তোর মুখোমুখি হবে।
ড্র ভাগ্য কথা বলেছে রোমার হয়েও। ইতালিয়ান জায়ান্টরা শেষ ষোলোতে শাখতার দোনেৎস্কের মুখোমুখি হবে। ফলে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখতেই পারে রোমা।
বায়ার্ন মিউনিখকে খুব একটা কঠিন পরীক্ষা দিতে হবে না। টটেনহ্যাম, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটির মতো দলগুলোর বিপক্ষে পড়তে হয়নি বাভারিয়ানদের। শেষ ষোলোতে বেসিকটাসের মুখোমুখি হবে বায়ার্ন।
শেষ ষোলোর প্রথম লেগ ১৩/১৩/২০/২১ ফেব্রুয়ারি মাঠে গড়াবে। ফিরতি পর্বের ম্যাচটি ৬/৭/১৩/১৪ মার্চ অনুষ্ঠিত হবে।
শেষ ষোলোতে কে কার মুখোমুখি:
জুভেন্টাস-টটেনহ্যাম
বাসেল-ম্যানসিটি
পোর্তো-লিভারপুল
সেভিয়া-ম্যানইউ
রিয়াল মাদ্রিদ-পিএসজি
শাখতার-রোমা
চেলসি-বার্সেলোনা
বায়ার্ন-বেসিকটাস
এমএ





