দলের ফিল্ডিং নিয়ে হতাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটাররা যে বাজে ফিল্ডিং করেছে তা নিয়ে হতাশ তিনি। তবে পরের ম্যাচে বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের সেরাটা উজাড় করে দেবে বলেই বিশ্বাস তার। পরের ম্যাচ নিয়ে আশাবাদী বাংলাদেশের ফিল্ডিং কোচ।

সোমবার নিউজিল্যান্ডের নেলসনে দলের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে হ্যালসেল বলেছেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ফিল্ডিংয়ে আমি খুবই হতাশ। অধিনায়কও বলেছেন, ফিল্ডিং ব্যর্থতার কারণেই হেরে গেছে বাংলাদেশ। সুযোগ সৃষ্টি করেও আমরা তা কাজে লাগাতে পারিনি। আমার মনে হয়, কোনো কোনো ম্যাচে আসলে এমনটা হয়ে যায়। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো- একটি সুযোগ মিসের পর ফিল্ডাররা পরের সুযোগটির জন্য কতটা সজাগ থাকে।

যাই হোক, আমাদের খেলোয়াড়রা পরের ম্যাচের জন্য প্রস্তুত। সবাই ভাল করতে চায়। পরের ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আশা করি, সবাই নিজেদের সেরাটা দেবে।’

কোয়ার্টার ফাইনালে যেতে অনেক কঠিন লড়াই করতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে বাজে পারফরম্যান্স করার পর এটা কতটা বাস্তবসম্মত- এ প্রশ্নে তিনি বলেছেন, ‘প্রথম ম্যাচে সুযোগ মিসের পর খেলোয়াড়দের শরীরী ভাষা কিছুটা হলেও বাজে হয়ে গিয়েছিল। বিশ্বকাপ অনেক বড় মঞ্চ, এখানে অনেক কিছুই করার সুযোগ আছে। শ্রীলঙ্কাকে হারাতে পারলে আমরা দারুণ একটি অবস্থানে চলে যেতে পারতাম। বর্তমান পর্যায়ে আমাদের জন্য ৩ ম্যাচের ২টিতে জয় পেতে হবে। আশা করি, আমরা তা পারব এবং কোয়ার্টার ফাইনালে খেলব। দলের সবাই নিজেদের উজাড় করে দিতে মুখিয়ে আছে।’

ম্যাচের শুরুর দিকে বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা- এমন প্রশ্নে হ্যালসেল বলেছেন, ‘ম্যাচের শুরুর দিকে ব্রেক থ্রু কেন নেওয়া যাচ্ছে না, তা নিয়ে ম্যাচ শেষে আমরা কথা বলেছি। আজ (সোমবার) এ নিয়ে কথা হয়েছে। আমরা দলকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছি। সবাইকে বুঝিয়েছি, মাঠে যখন তোমরা খেলবে, ভাববে তোমরাই বাংলাদেশ; মাঠে একসঙ্গে ১১ জন বাংলাদেশী খেলছ। পাশাপাশি এটাও মনে রাখবে, যারা তোমাদের দেখছে তারা কিন্তু বাংলাদেশকেই দেখছে।

জেআই