টানা ১২ টেস্টে হাফ-সেঞ্চুরি বা তার চেয়ে বেশি স্কোরের রেকর্ড গড়ার স্বপ্ন ভেঙে যাচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যান মুমিনুল হকের।

সর্বশেষ সিরিজে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টেই হাফ-সেঞ্চুরি স্বাদ পান মুমিনুল। তাতেই টানা ১১ টেস্টে হাফ-সেঞ্চুরির করার রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভ রিচার্ডস, ভারতের বীরেন্দার শেবাগ ও গৌতম গম্ভীরের পাশে বসেন তিনি।

এই তালিকায় সবার উপরে থাকা দক্ষিণ আফ্রিকার ডি ভিলিয়ার্সকে ছুঁয়ে ফেলার দারুণ এক সুযোগ তৈরি হয় মুমিনুলের। এজন্য ভারতের বিপক্ষে টেস্টের দু’ইনিংসে একটি হাফ-সেঞ্চুরি করতে হবে তাকে।

বৃষ্টিবিঘ্নিত ফতুল্লা টেস্টের চতুর্থ দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওয়ানডাউনে মাঠে নামা মুমিনুল ধীরে ধীরে হাফ-সেঞ্চুরির দিকে এগিয়ে যান। কিন্তু ৩০ রান করে হরভজনের বলে উমেশ যাদবের হাতে ক্যাচ আউট হন তিনি। ফলে রেকর্ড গড়া হলো না এই লিটল মাস্টারের।

ফতুল্লাহ টেস্টের এখনও একদিন বাকি আছে। কিন্তু মুমিনুলের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সম্ভাবনা কম। ব্যাট করতে পারলেও রেকর্ড ধরে রাখতে দরকার হবে নূন্যতম ৫০ রান। সেটা এখন অসম্ভব বলাই যাচ্ছে।

চতুর্থ দিনে ব্যাট করতে নামা বাংলাদেশ মাত্র ৩০.১ ওভারে তিন উইকেটের বিনিময় ১১১ রান সংগ্রহ করেছে। দিনের বাকি সময়টা বৃষ্টিতে ভেসে নিয়েছে।

জেডআই