গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলে জিতলেও মঙ্গলবার ফরতালেজায় মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্কলারির দল। মেক্সিকো গোলরক্ষক গিয়েরমো ওচোয়াই নেইমার-অস্কারদের গোল-বঞ্চিত রেখেছে বলে উল্লেখ করেন স্কলারি।
"তাদের খুব ভালো একজন গোলরক্ষক আছে। আর তার একটা ভালো দিন গেছে বলেই আমরা জিততে পারিনি।"
৪-২-৩-১ ফর্মেশনে খেলা ব্রাজিলের উন্নতির মাত্রাটা খুব বেশি নয় বলে মনে করেন খোদ স্কলারিই। তবে ধীরে ধীরে দলটিকে গুছিয়ে উঠতে দেখেই খুশি ব্রাজিলকে ২০০২ সালে বিশ্বকাপ জেতানো কোচ।
"আমার মতে, দল অন্তত ১০ শতাংশ ভালো খেলেছে।"

ব্রাজিলের খেলা নিয়ে চারদিকের হাহাকারকে পাত্তা না দিয়ে স্কলারি ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তার খুশির কথা জানান।
"দল একটু একটু করে ভালো করছে। এখনো আমাদের এগিয়ে যাওয়ার পথ আছে এবং আমরা ভালো খেলতে পারি। মাঠে যা দেখলাম, তাতে আমি খুশি।"
ব্রাজিল দলকে নিয়ে সবসময়ই ভক্ত-সমর্থকদের প্রত্যাশা বেশি থাকে। আর এ কারণেই এই দলটিকে নিয়ে এতো সমালোচনা হয় বলে মনে করেন স্কলারি।
"ব্রাজিলে একটা বিশ্বাস আছে, অন্য খেলোয়াড়রা আমাদের খেলোয়াড়দের মতো অতো ভালো নয়। মানুষ ভেবেছিল, মেক্সিকোর কোনো ভালো খেলোয়াড় নেই। কিন্তু আজ (মঙ্গলবার) তারা আমাদের মতোই ভালো খেলেছে।"

স্কলারি সবাইকে মনে করিয়ে দেন, মঙ্গলবারের ম্যাচে ব্রাজিলের সঙ্গে বল দখলের লড়াইয়ে সমানে সমান লড়েছে মেক্সিকো।
দলের সমালোচনা করে এবং দল ভালো না খেললে বিরক্তি দেখিয়ে ব্রাজিলের মানুষও স্কলারিকে একটা কথা মনে করিয়ে দেন, দলকে নিয়ে নিজেদের দেশের বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে তারা। ২০১৪ বিশ্বকাপে ১৯৫০ বিশ্বকাপের মারাকানা-দু:খ ভুলতে চান তারা।
ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





