সুরেশ রায়নার সেঞ্চুরি ও মহেন্দ্র সিং ধোনির ব্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে ছয় উইকেটে জিতেছে ভারত।
শনিবার অকল্যান্ডের ইডেন পার্কে জিম্বাবুয়ের ২৮৭ রানের জবাবে ৪৮.৪ ওভারে ছয় উইকেট হাতে থাকতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
ফলে জিম্বাবুয়ের হয়ে নিজের শেষ ম্যাচটিতে সেঞ্চুরি করলেও তা আনন্দময় করে রাখতে পারলেন না ব্রেন্ডন টেইলর। তবে ১১০ বলে তার করা ১৩৮ রানের শেষ ইনিংসটি সবসময়ই স্মরণ করবে জিম্বাবুয়ে ক্রিকেট।
জিম্বাবুয়ের অধিনায়ক-উইকেটরক্ষক-ব্যাটসম্যান টেইলর বিশ্বকাপের আগেই ঘোষণা দিয়েছিলেন এটা হবে দলের পক্ষে তার শেষ আন্তর্জাতিক সিরিজ। অবসরের পরে টেইলর ইংলিশ কাউন্টি নটিংহ্যামশায়েরর হয়ে খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন।
২৮৮ রান তাড়া করতে গিয়ে ভারত অবশ্য শুরুতেই বিপাকে পড়ে। ৯২ রানে ৪ উইকেট হারানোর পরে রায়না এবং ধোনি দলের হাল ধরেন। এই দু'জনই শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন।
তবে ৪৭ রানে সিকান্দার রাজার বলে শর্ট ফাইন লেগে হ্যামিল্টন মাসাকাদজা রায়নার সহজ ক্যাচটি ফেলে না দিলে ভারতের রানের গতি হয়ত আরো আগেই থেমে যেতে পারত। এরপর এই মাসাকাদজার বলেই ব্যক্তিগত ৭১ রানে উইকেটের পিছনে টেইলরের হাতে আরেকবার জীবন ফিরে পান রাইনা। এরপর ক্যারিয়ারের পঞ্চম ও বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি হাঁকাতে বাঁহাতি এই ব্যাটসম্যানের আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ৯৪ বলে ৯টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারির সহায়তায় তিনি শতক হাঁকান।
ব্যক্তিগত ৩৮ রানে রাজা যখন বিরাট কোহলিকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান তখন ভারতের স্কোর ছিল ৪ উইকেটে ৯২। কিন্তু অধিনায়ক ধোনিকে সাথে নিয়ে পঞ্চম উইকেটে ১৯৬ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়ে ম্যাচ সেরা রায়না দলকে বিপদ থেকে রক্ষা করেন। ধোনি ৭৬ বলে ৮৫ রানে অপরাজিত ছিলেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের দুই উদ্বোধনী ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা ও চামু চিবাবা নিজেদের মেলে ধরতে না পারায় দলের হাল ধরেন টেইলর। ৯৯ বলে ভারতীয় পেসার মোহাম্মদ শামির শর্ট পিচ বলে থার্ডম্যান দিয়ে ছক্কা হাঁকিয়ে টেইলর ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পূর্ণ করেন।
আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ১২১ রান করা টেইলরের এটি ছিল বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি। পুরো ইনিংসে তিনি ১৫টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। চতুর্থ উইকেটে সেন উইলিয়ামসকে (৫০) সাথে নিয়ে ৯৩ রান যোগ করেছিলেন। ভারতীয় তিন পেসার উমেশ যাদব, মোহিত শর্মা ও মোহাম্মদ শামী তিনটি করে উইকেট দখল করেছেন।
জেডআই





