ওয়ালটন ফেডারেশন কাপের প্রথম ম্যাচে আরামবাগ ক্রীড়া চক্রের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরে যায় ঢাকা আবাহনী লিমিটেড।

কোয়ার্টার ফাইনালে যেতে হলে মঙ্গলবার গ্রুপপর্বের শেষ ম্যাচে ফেনী সকারের বিপক্ষে জিততেই হত আবাহনীকে। অবশ্য সেটাই করে দেখিয়েছে তারা।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ইংলিশ মিডফিল্ডার লি টাক ম্যাচ শুরুর ৪৫ সেকেন্ডের মাথায় গোল করে এগিয়ে নেন আবাহনীকে। এই লিড অবশ্য আর ভাঙতে পারেনি ফেনী সকার ক্লাব। ফলে ১-০ গোলের জয় নিশ্চিত করার পাশাপাশি কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করে আকাশী-নীল রঙের জার্সিধারীরা।

এ জয়ের ফলে ২ ম্যাচের ১টিতে জিতে ৩ পয়েন্ট নিয়ে ‘এ’গ্রুপ থেকে রানার আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠল আবাহনী। দুই ম্যাচের ১টিতে জিতে ও একটিতে ড্র করে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আরামবাগ ক্রীড়া চক্র। দুই ম্যাচের একটিতে হেরে ও অন্যটিতে ড্র করে ১ পয়েন্ট নিয়ে ওয়ালটন ফেডারেশন কাপ থেকে বিদায় নিয়েছে ফেনী সকার ক্লাব।

এফএফ