বিশ্বকাপের প্রথম ম্যাচেই চমক সৃষ্টি করে সুখের বন্দরে ঠাই নেয়া জার্মান দলে ভর করেছে ইনজুরির কালো থাবা।


সোমবার সালভাদরে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম ম্যাচে পর্তুগালকে ৪-০ গোলে হারানো জার্মান দলের দুই ডিফেন্ডার ম্যাটস হুমেলস ও জেরোমে বোয়াটেংকে  তাদের বিশ্বকাপের ঘাঁটি থেকে উড়িয়ে নেয়া হয়েছে হাসপাতালে।

পর্তুগালের বিপক্ষের ম্যাচে গোল পাওয়া সেন্টার ব্যাক হুমেলস এর ব্যপক আঘাতের চিহ্ন সম্বলিত ডান পায়ের উরুতে স্ক্যান করানো হয়েছে। আর বোয়াটেং এর ডান হাতের বৃদ্ধাঙ্গুলের পেশী ছিড়ে গেছে। এমআরআই স্ক্যান করানোর জন্য জার্মান দলের বিশ্বকাপের ঘাঁটি ‘ক্যাম্পো বাহিয়া’ থেকে ৬০ কিলোমিটার দুরে এনুপোলিশের একটি ক্লিনিকে উড়িয়ে নেয়া হয় এই দুই ফুটবলারকে।

ব্রাজিলের সড়ক পথের বেহাল অবস্থার কারণে জার্মান ফুটবল এসোসিয়েশনকে (ডিএফবি) দুই খেলোয়াড়ের জন্য হেলিকপ্টারে করে নিয়ে যাওয়ার বিলাসী ব্যবস্থাটি করতে হয়েছে। এর আগে গত শনিবার মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টেইগারকেও স্ক্যান করানোর জন্য হেলিকপ্টার ব্যবহার করেছিল তারা।

আগামী শনিবার ফোর্তালেজায় ঘানার বিপক্ষে ম্যাচে বোয়াটেংকে একাদশে দেখা গেলেও সুস্থ হতে কিছুটা সময় লাগবে হুমেলসের। তিনি কখন থেকে দলের সঙ্গে অনুশীলন করতে পারবেন সেটিও এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

পর্তুগালের বিপক্ষে জয় পাওয়ার পর ২৪ ঘন্টার মধ্যে কোচ জোয়াচিম লোর সংক্ষিপ্ত অনুশীলনে যোগ দিতে পারেননি ওই দুই ফুটবলার। অবশ্য সংক্ষিপ্ত অনুশীলন শেষে শীষ্যদের বিশ্রামে পাঠিয়ে দেন লো।

ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই