বয়সটা ৩২ বছর ২১৬ দিন! টাইগাররা টেস্ট মর্যাদা পাওয়ার পর সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেক হয়েছে রনি তালুকদারের। তবে ওয়ানডে ক্যারিয়ারের অভিষেক ম্যাচটা রঙিন হলো না এই ক্রিকেটারের।

রনির আগে বাংলাদেশের প্রথম ওয়ানডেতে ১৯৮৬ সালে আরও দুইজনের বেশি বয়সে ওয়ানডে অভিষেক হয়েছিল। এর মধ্যে জাহাঙ্গীর শাহর ৩৬ বছর ২৫৫ দিন এবং রকিবুল হাসানের ৩৩ বছর ৮৯ দিনে ওয়ানডে অভিষেক হয়।

সাকিবের জায়গা একাদশে সুযোগ পান বাংলাদেশের জার্সিতে অভিষিক্ত ১৪২তম ওয়ানডে ক্রিকেটার রনি তালুকদার। একাদশে সুযোগ পেয়েই ১৭তম হিসেবে তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামেন রনি।

ওপেনিংয়ে নেমে রনি ফেস করা প্রথম ১২ বল থেকে কোনো রানই আসেনি। ১৩তম বলে কাভার দিয়ে চার হাঁকান তিনি। তবে বিপত্তিটা বাঁধে এর পরের বলেই। মার্ক অ্যাডাইরের অফ-স্ট্যাম্পের বেশ বাইরের বল তাড়া করতে গিয়েছিলেন তিনি। তবে এই বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন অভিষিক্ত এই ওপেনার।

এর আগে, সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। ফলে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে টাইগাররা। দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে বাদ পড়েন শরিফুল ইসলাম ও তাইজুল। তাদের জায়গায় লাল-সবুজ জার্সিতে ওয়ানডেতে আন্তর্জাতিক অভিষেক হয় রনি তালুকদার ও মৃত্যুঞ্জয় চৌধুরীর। এ ছাড়া একাদশে ফিরেন আগের দুই ম্যাচ থেকে বাদ পড়া মোস্তাফিজ।

এবিএস