ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিলামে প্রথমবারেই অনেককে দলে নিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। তবে এখনো অনেক তারকা ক্রিকেটাররা অবিক্রীত রয়ে গেছেন। বাংলাদেশের তামিম ইকবাল ও শ্রীলংলা মাহেলা জয়াবর্ধনেসহ অনেকেই রয়েছেন এই তালিকায়।
ব্যাটসম্যানদের তালিকায় থাকা ক্যামেরুন হোয়াইট, ড্যারেন ব্রাভো, অ্যালেক্স হেলস, মারলন স্যামুয়েলস, শুব্রামানিয়াম বদ্রিনাথ, ইয়ান বেল, মার্টিন গুপ্টিল ও লেন্ডি সিমন্স অবিক্রীত থেকে গেছেন। এছাড়া দলের দেখা পাননি ফর্মে থাকা নিউজিল্যান্ডের রস টেলরও, সর্বোচ্চ দুই কোটি রুপি ভিত্তিমূল্য তার।
১৬ জনের মার্ক করা খেলোয়াড়ের তালিকা থেকে শুধুমাত্র মাহেলা জয়াবর্ধনেকে এখনও কেউ কিনে নেয়নি। তার ভিত্তিমূল্য দুই কোটি রুপি।
উইকেটরক্ষকের তালিকায় থাকা অবিক্রীতদের মধ্যে আছেন নামান ওঝা, ম্যাথু ওয়েড, ক্রেইগ কিসওয়েটার ও কুশল পেরেরা। উইকেটের পেছনে থাকা খেলোয়াড়দের মধ্যে অনেকেই সুযোগ পাননি। তবে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর ৩০ লাখ রুপিতে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে গেছেন। অবিক্রীত থেকে গেছেন টিম পেইন, কৌশল সিলভা, আন্দ্রে ফ্লেচার, ডেন ভিলাস, দিনেশ রামদিন, প্রসন্ন জয়াবর্ধনে, জনসন চার্লস ও লুক রঁচি।
অলরাউন্ডার আন্দ্রে রাসেল, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, রবি বোপারা ও লুক রাইটকে এখনও কেউ কিনে নেয়নি। এই ভাগে অবিক্রীত রয়েছেন আরও- জোহান বোথা, জেমস ফ্রাঙ্কলিন, সাচিত্রা সেনানায়েক, অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, জন হ্যাস্টিংস, রল্ফ ভ্যান ডার মারউই ও জেসি রাইডার।
তারকা স্পিনারদের মধ্যে সুলিমান বেন, রঙ্গনা হেরাথ, ইমরান তাহির, নাথান লায়ন, ব্রাড হগও অবিক্রীত। দুই কোটি ভিত্তিমুল্যতে নিলামে আসা অস্ট্রেলিয়ার পেসার ব্রেট লি এখনও কোনো দলের হতে পারেননি।