রিও অলিম্পিকের নারী ফুটবলে সোনা জয়ের স্বপ্ন শেষ হয়ে গেল ব্রাজিলের। মঙ্গলবার রাতে টাইব্রেকারে সুইডেনের কাছে ৪-৩ গোলে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙে যায় স্বাগতিক ব্রাজিল নারী দলের। অবশ্য ব্রোঞ্জ পদক জেতার সুযোগ রয়েছে ব্রাজিলের সামনে।

মঙ্গলবার রাতে অপর সেমিফাইনালে কানাডাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় জার্মানির মেয়েরা। মারাকানার সেমিতে কানাডাকে ২-০ গোলে পরাজিত করে জার্মানি।

জমজমাট সেমিতে জয়ের সুবর্ণ সুযোগ পেয়েছিল ব্রাজিল। ইনজুরি সময়ের শেষ মুহূর্তে ফরমিগার শট দারুণ দক্ষতায় রুখে দিয়ে সুইডেনকে রক্ষা করেন গোলরক্ষক হেলভিগ লিন্ডল। ফলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়।

টাইব্রেকারে ব্রাজিল ও সুইডেনের হয়ে মার্তা ও লোট্টা গোল করলে রোমাঞ্চকর সমাপ্তির দিকে এগিয়ে যায় ম্যাচ। তবে ব্রাজিলের হয়ে ক্রিস্টিয়ান গোল করতে না পারলে কিছুটা এগিয়ে যায় সুইডেন। তবে পরের শটে কোসোভার আসলানি গোল করতে না পারলে সমতা ফেরে ম্যাচে।

আন্দ্রেসা আলভেস ও ক্যারোলিন স্যাগার ব্রাজিল ও সুইডেনের হয়ে তৃতীয় শটে গোল করলে ম্যাচে ২-২ সমতা বিরাজ করে। পরের শটে রাফায়েলা গোল করলে সুইডেনের হয়ে চতুর্থ শটে গোল করেন নিলা ফিশার। ফলে রোমাঞ্চকর পঞ্চম কিকের দিকে এগোয় ম্যাচ।

ব্রাজিলের হয়ে আন্দ্রেসিনহার নেওয়া পঞ্চম শট দারুণ দক্ষতায় রুখে দেন সুইডিশ গোলরক্ষক লেন্ডল।

এরপর ডেলভিস্টের শট জালে আশ্রয় নিলে ফাইনালে ওঠার আনন্দে মেতে ওঠে সুইডেনের নারীরা। অন্যদিকে মারাকানায় নেমে আসে স্তব্ধতা।

এদিকে দিনের দ্বিতীয় সেমিতে মেলানি বেহরিঙ্গার ও সারাহ দারিজের গোলে ২০১২ সালের লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জ জয়ী কানাডাকে ২-০ গোলে হারিয়ে অল-ইউরোপিয়ান ফাইনাল নিশ্চিত করে জার্মানির মেয়েরা।

এম এ