প্রথম রাউন্ডেই বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরই পদত্যাগ করলেন ইতালি কোচ সিজার প্রান্দেলি৷ মঙ্গলবার গ্রুপ ডি-র শেষ ম্যাচে উরুগুয়ের কাছে ০-১ হেরে ব্রাজিল বিশ্বকাপ থেকে ছিটকে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি৷

বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে প্রশংসা কুড়িয়েছিলেন ইতালি কোচ প্রান্দেলি। পরের দু’টি ম্যাচেও নিজের স্ট্র্যাটেজি ধরে রাখেন তিনি। কিন্তু, জয় আসেনি৷ কোস্টারিকা ও উরুগুয়ের কাছে হেরে ব্রাজিল বিশ্বকাপে ভবলীলা সঙ্গ হয় আজ্জুরিদের৷ মঙ্গলবার ডেভিড গোডিনের একমাত্র গোলে জয় ছিনিয়ে নেয় উরুগুয়ে৷ ৫৯ মিনিটে মার্সিসিও লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় বাকি ৩০ মিনিট ১০  জন খেলে ইতালি৷ সুযোগটা কাজে লাগায় উরুগুয়ে৷ শেষবার ২০০৬-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর টানা দু’টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিল ইতালি৷ দক্ষিণ আফ্রিকায় ২০১০ বিশ্বকাপেও প্রথম রাউন্ডের গণ্ডি টপকাতে পারেনি আজ্জুরিরা৷

ম্যাচের পর দায় স্বীকার করে ইতালি কোচ প্রান্দেলি সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন৷ তিনি জানান, ‘ম্যাচের পরই আমি ইতালি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে আমার পদত্যাগের কথা জানিয়ে দিই৷ কারণ, হারের দায় আমি নিজের কাঁধে নিচ্ছি৷ কোনও দলের প্ল্যান কাজ না-করলে কোচকে তার দায়িত্ব নিতে হয়।'

মাত্র এক মাস আগেই ইতালি ফুটবল ফেডারেশনের সঙ্গে ২০১৬ পর্যন্ত চুক্তি হয়েছিল প্রান্দেলির৷ কিন্তু তার আগে হারের দায় নিয়ে সরে দাঁড়ালেন ৫৬ বছর বয়সি প্রান্দেলি ৷