আমরা প্রশংসা করতে অনেক শব্দই ব্যবহার করি। তুলনা করি অনেক কিছুর সঙ্গেই। তাই বলে পশুর সঙ্গে! হ্যাঁ, চিলিয়ান স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজকে 'পশু' বলে প্রশংসা করেছেন আর্সেনালের ডিফেন্ডার কিরান গিবস। তার মতে, বার্সেলোনা থেকে আর্সেনালে আসার পর থেকেই অনুশীলনের পশুর মতো পরিশ্রম করছেন সানচেজ।
গত মাসে বার্সেলোনা থেকে ৩৬ মিলিয়ন ইউরোতে ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দেন সানচেজ। রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষের ম্যাচ দিয়ে ক্লাবের হয়ে অভিষেক হবে এই স্ট্রাইকারের।
১২ মাস আগে রিয়াল মাদ্রিদ থেকে আর্সেনালে যোগ দিয়েছিলেন জার্মান তারকা মিসুত ওজিল। এবার সানচেজ আর্সেনালে যোগ দেয়ায় তারা শক্তিশালী দলে পরিণত হয়েছে বলে বিশ্বাস করেন ডিফেন্ডার গিবস।
সতীর্থদের প্রশংসা করতে গিয়ে এই তারকা বলেন, "অনুশীলনে যখন সানচেজের মুখোমুখি হবেন, তখন ডিফেন্ডার হিসেবে দিনটি আপনার জন্য স্বস্তিকর হবে না।"
"যেভাবেই হোক আমরা একটি ভাল দল পেয়েছি। দলে অনেক খেলোয়াড় আছে, যারা খেলায় পার্থক্য গড়ে দিতে পারেন। আর যখন দেখবেন দলে ওজিল ও সানচেজ আছে, তখন আপনার ভালই লাগবে।"
ওজিলের প্রশংসায় গিবস বলেন, "নিজের বিষয় ওজিলের কোনো বাড়াবাড়ি নেই। তাকে দেখলে মনে হয় যেন এখনও নিজেকে প্রমাণ করতে তার অনেক কিছু বাকি আছে। যেন তিনি এখনও বিশ্বমানের খেলোয়াড় হয়ে ওঠেননি।"
সানচেজের প্রশংসায় বলেন, "সানচেজেরও মানসিকতা একই ধরনের। অনুশীলনে তিনি পশুর মতো হয়ে যান। তিনি সব জায়গায় খেলেন। তিনি দৌড় থামান না।"
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





