আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে শাহরিয়ারের দারুণ পারফরম্যান্সের পরও জিততে পারল না বাংলাদেশ।

সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে বাংলাদেশকে তিন উইকেটে হারিয়েছে আফগানিস্তান। টুর্নামেন্টে এটি তাদের প্রথম জয়।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৯ রান করতে পারে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করে অপরাজিত থাকেন শাহরিয়ার শামীম। ৪৭ বলে ৫টি চার ও দুটি ছক্কায় সাজানো ছিল এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ইনিংসটি।

দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন আমিন উদ্দিন। এছাড়া অপূর্ব কুমার ১৯ রান করেন। স্বাগতিকদের আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। আফগানিস্তানের আব্দুল্লাহ ও মাহমুদ উল্লাহ দুটি করে উইকেট নেন।

জবাবে ১৯ ওভার ১ বলে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। আফগানিস্তানের সর্বোচ্চ রান করেন মাহমুদ (৩২)। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করে অপরাজিত থাকেন সানগার। এ ছাড়া ওবায়দুল্লাহ ১৬ রান করেন।

বাংলাদেশের ধ্রুপম পত্রনবীশ তীর্থ ১৯ রানে নেন দুই উইকেট।

জেডআই