দক্ষিণ কোরিয়ার ইনচেনে আগামী ১৯ তারিখ পর্দা উঠবে এশিয়ান গেমসের। তবে ইতোমধ্যে ফুটবলের লড়াই শুরু হয়ে গেছে। এতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সোমবার ইনচেন মুনহাক স্টেডিয়ামে আফগানিস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে লাল-সবুজ বাহিনী।
ম্যাচটিতে খেলার প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে ম্যাচটি শেষের দিকে এগিয়ে যায়। তবে খেলার ৮৪ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন মামুনুল হক। তার গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা।
'বি' গ্রুপে থাকা বাংলাদেশ প্রথম ম্যাচে জয় পাওয়া তিন পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। আগামী ১৮ ও ২২ তারিখ শক্তিশালী উজবেকিস্তান ও হংকংয়ের মুখোমুখি হবে মামুনুলরা। চার বছর আগে এ দল দুটির কাছে হেরেছিল বাংলাদেশ। সেবার আরব আমিরাতের কাছেও হেরেছিল তারা।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





