মিরপুরে সাহারা কাপের উদ্বোধনী ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতেও হানা দিয়েছে বৃষ্টি। এ কারণে দুই ঘণ্টার বেশি সময় খেলা বন্ধ থাকায় ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৪১ ওভারে নামিয়ে আনা হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৮ ওভারে ৭ উইকেটে ৭৫ রান। ওয়ানডে অভিষেকেই তিন উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। দুর্দান্ত বোলিং করছেন মাশরাফিও। চাপে ভারত।
টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মাশরাফি দিনের দ্বিতীয় বলেই অজিঙ্ক রাহানেকে (০) এলবিডব্লিউর ফাঁদে ফেলে দারুণ শুরু এনে দেন। বৃষ্টি হানা দেওয়ার সময় ৫.২ ওভারে ভারতের সংগ্রহ ছিল ১ উইকেটে ১৪ রান।

বৃষ্টি থামার পর আবার খেলা শুরু হতেই তাসকিন তুলে নেন ফর্মের তুঙ্গে থাকা রবিন উথাপ্পাকে। ওয়ানডে অভিষেকে প্রথম উইকেটের দেখা পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি এই সম্ভাবনাময় পেসারকে। দ্বিতীয়টি আসে আরও দ্রুত। দুর্দান্ত ইনসুইংয়ে এলবিডব্লু করেন রাইডুকে। এরপর পূজারাকেও সাজঘরে ফেরান এই ১৯ বছর বয়সী।
ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





