বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিনে একটি বলও মাঠে গড়ায়নি বৃষ্টির কারণে। দ্বিতীয় দিনের খেলাও আটকে আছে বৃষ্টিতে।

আগের দিনের বৃষ্টি থামেনি এখনও। বৃষ্টির সঙ্গে যুক্ত হয়েছে ঘণ্টায় ২৬ মাইল বেগে বাতাস।

আজ (০৯ মার্চ) শনিবারদ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে হওয়ার কথা ছিল। কিন্তু গুড়িগুড়ি বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে।

দ্বিতীয় দিনেও খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বেসিন রিজার্ভের আউটফিল্ড এখনো ভেজা, হয়ে ওঠেনি খেলার উপযোগী। মাঠের বেশির ভাগ জায়গাতেই পানি জমে রয়েছে।

হ্যামিল্টনে প্রথম টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৫২ রান ও ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ। তবু ওয়েলিংটন টেস্টে ভালো কিছুর আশা জাগিয়েছিল প্রথম ইনিংসে তামিমের শতক আর দ্বিতীয় ইনিংসে মাহমুদুল্লাহ আর সৌম্য সরকারের দুই শতক।

গতকাল (০৮ মার্চ) শুক্রবার রাত থেকে টানা বৃষ্টির কারণে বিকাল ৩টার দিকে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি ডেভিড বুন।

মাঠে পানি জমে যাওয়ায় আম্পায়ার ও ম্যাচ রেফারি জানান, মধ্যাহ্ন বিরতি পর্যন্ত অপেক্ষা করবেন তারা। এরপরও খেলা শুরু করা না গেলে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হবে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বল এখনো মাঠে গড়ায়নি।

হ্যামিল্টনে ইনিংস ব্যবধানে জিতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।

এমবি