প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড জুড়ে আলোচনার কেন্দ্রে ছিল আম্পায়ারিং। সুপার লিগেও বাজে আম্পায়ারিংয়ের শঙ্কায় উদ্বেগ রয়েছে ক্লাবগুলোর। তবে পরিস্থিতির উন্নতির আশা দেখিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তিনি ব্যবস্থা নেবেন।
সাম্প্রতিক সময়ে আম্পায়ারিং নিয়েই বেশি কথা বলতে হচ্ছে বিসিবি প্রধানকে। এরই মধ্যে কয়েকবার আম্পায়ারিংয়ে উন্নতিতে জোর দেওয়ার কথা বলেছেন। তবে তাতে খুব কাজ হয়নি, আম্পায়ারিং নিয়ে প্রশ্ন থেকেই গেছে। শুক্রবার আবারও আম্পায়ারিং নিয়ে বলতে হল নাজমুল হাসানকে।
“আম্পায়ারের কোনো সিদ্ধান্তের জন্য কোনো দল জিতেছে বা সুবিধা পেয়েছে এমন সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমি ব্যবস্থা নেব।”
“আম্পায়ারিং নিয়ে অনেক আলাপ-আলোচনা হচ্ছে। তবে আমার পক্ষে এতটা গভীরে গিয়ে খেলা দেখা সম্ভব হবে না, কারও পক্ষেই সম্ভব হবে না। সুপার লিগের আগে এখন ও চার-পাঁচ দিন সময় আছে। এ ধরনের কিছুর সম্ভাবনা যেন থাকে তার জন্য কি ব্যবস্থা নেওয়া যায়, সে ব্যাপারে কাল রাতেও অনেক আলাপ-আলোচনা করেছি।”
আম্পায়ারিং নিয়ে প্রশ্ন আছে মানছেন নাজমুল হাসান। কিন্তু তার দাবি কোনো দল অন্যায় সুযোগ পায়নি।
“কোনো দলই আম্পায়ারিংয়ের সুবিধা নিয়ে সুপার লিগে যায় নাই। সুয়োগ–সুবিধা নিয়ে ফাঁকফোকড় দিয়ে এসেছে এটা তো কেউ বলতে পারবে না।”
নাজমুল জানান, ঘরোয়া ক্রিকেটের বাজে আম্পায়ারিংয়ের ব্যাপারটি নিয়ে কেউ-কেউ অন্য দেশের বোর্ডের নজরে এনেছেন। তাদের সমালোচনা করেন তিনি।
“ভুল ধরতে চাইলে আপনি অনেক ভুল ধরতে পারবেন। তবে বাইরের দেশের কোনো (বোর্ড) প্রেসিডেন্ট যখন ফোন করে বলে, তোমাদের ওখানে প্রতিটা খেলাই পয়সার বিনিময়ে হয়- তখন খুব খারাপ লাগে। সবার কাছে পরিকল্পিতভাবে খবর পাঠানো হয়েছে কি না দেখেন। ক্ষতি হলে তো আমার একার ক্ষতি হবে না, আপনাদেরও তো হবে।”
গ্রুপ পর্বের শেষ রাউন্ডে ভিক্টোরিয়া-গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচ এক দিন পিছিয়ে দেয় লিগের আয়োজক সিসিডিএম। বোর্ড প্রধান জানান, তারা আনুষ্ঠানিকভাবে ম্যাচ পেছানোর কারণ জানতে চাইবেন।
এফএফ





