মেহেদী হাসান মিরাজের করা লাঞ্চবিরতির আগে শেষ বলটি টার্ন করে শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমালের ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে চলে গেল বাউন্ডারি লাইনে। একটুর জন্য মিস করল স্টাম্প। শনিবার চতুর্থ দিন সকালে বাংলাদেশের অবস্থাটাও অনেকটা এরকম। উইকেট নেয়ার কয়েকটি সুযোগ হাতছাড়া হয়েছে তাদের, যদিও সেগুলো একদম সহজ ছিল না। একটি উইকেট নিলেও লঙ্কানদের রান তোলার গতিতে বাধা দিতে পারেনি টাইগার বোলাররা। ১৬৮ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৬১২ রান করেছে দলটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৯৯ রানের লিড নিয়ে বিরতির পর প্রথম ইনিংসে আবার ব্যাট করতে নামবে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা ব্যাট শুরু করার পর থেকেই আসলে আক্ষেপ শুরু হয়েছে বাংলাদেশের। বৃহস্পতিবার শূন্য রানে প্রথম উইকেট পাওয়ার ৩০৮ রান পর শুক্রবার লঙ্কানদের দ্বিতীয় উইকেট পায় টাইগাররা। ৩ উইকেটে ৫০৪ রান নিয়ে দিন শেষ করে শ্রীলঙ্কা।

শনিবার সকালেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন লঙ্কান ব্যাটসম্যান রোশেন সিলভা। চান্দিমালও পান ক্যারিয়ারের ১৬তম হাফসেঞ্চুরি। দিনে বাংলাদেশকে প্রথম আনন্দের উপলক্ষ এনে দেন স্পিনার মিরাজ। ব্যক্তিগত ১০৯ রানে তিনি ফিরিয়ে দেন রোশানকে। শ্রীলঙ্কার দলীয় সংগ্রহ তখন ৫৫০ রান।

এরপর ক্রিজে আসেন নতুন ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা। তাকে সাথে নিয়ে ১২.২ ওভারে চান্দিমাল তোলেন ৬২ রান। ক্যারিয়ারের একাদশ সেঞ্চুরির খুব কাছে চলে গেছেন চান্দিমাল, ব্যাট করছেন ৮৭ রানে। ডিকভেলার সংগ্রহ ২৯ রান।

তবে কয়েকবার বেঁচে গেছেন এই দুই ব্যাটসম্যানই। মিরাজের করা ১৬২ তম ওভারে ডিকভেলার ক্যাচ সিলি পয়েন্টে দাঁড়ানো ফিল্ডারের পাশ দিয়ে চলে যায়, যদিও বলটি তালুবন্দি করা সহজ ছিল না। আবার মিরাজের করা ১৬৪তম ওভারে চান্দিমাল প্যাডেল সুইপ খেলার জন্য এগিয়ে যান। বুঝতে পেরে উইকেটকিপার লিটন কুমার দাস লেগ সাইডে সরে আসলেও বুক সমান উচ্চতার বলটি তালুবন্দি করতে পারেননি। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের করা ১৬৭তম ওভারে স্লিপে দাঁড়ানো মিরাজ তালুবন্দি করতে পারেননি ডিকভেলার ক্যাচ। উইকেটকিপার ও তার মধ্য দিয়ে বলটি চলে যায় বাউন্ডারি লাইনে।

মাত্র কয়েক ওভার আগেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেছেন শ্রীলঙ্কার রোশেন সিলভা। তবে তার আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হতে দিলেন না বাংলাদেশের তরুণ অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। ইনিংস আরো বড় করার আগেই তাকে ফিরিয়ে দিয়েছেন মিরাজ। শনিবার বাংলাদেশকে দিনের প্রথম আনন্দের উপলক্ষটা এনে দিলেন এই ২০ বছর বয়সী তরুণ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে লঙ্কানদের সংগ্রহ ৫৫২ রান। তারা বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ৩৯ রানে।

তৃতীয় দিন শেষে বাংলাদেশের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, দলের লক্ষ্য শ্রীলঙ্কাকে যত তাড়াতাড়ি অল আউট করা যায়। তবে শনিবার দিনের শুরুতেই লঙ্কান ব্যাটসম্যান রোশেনের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ও অধিনায়ক দিনেশ চান্দিমালের হাফসেঞ্চুরি হতাশই করেছে টাইগারদের।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার প্রথম উইকেট নেয়া মিরাজ আবার আঘাত হানলেন শনিবার সকালে। ১৫৬তম ওভারের চতুর্থ বলে রোশেনকে উইকেটকিপার লিটন কুমার দাসের ক্যাচে পরিণত করেন এই স্পিনার। রোশেনের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংসটি তাই ১০৯ রানেই থেমে যায়। ২৩০ বলের এই ইনিংস তিনি সাজিয়েছিলেন ৬টি চার ও একটি ছয়ে। চতুর্থ উইকেটে চান্দিমালের সাথে তিনি যোগ করেছিলেন ১৩৫ রান। দলীয় ৫৫০ রানে শ্রীলঙ্কার চতুর্থ উইকেটের পতন হয়।

চান্দিমাল ৬১ রানে ব্যাট করছেন। তার সঙ্গী নতুন ব্যাটসম্যান নিরোশান ডিকভেলার সংগ্রহ ২ রান।