বার্সেলোনা বিদায় নেওয়ায় চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ অভিযানে ম্যানচেস্টার সিটির আর কোনো চিন্তা নেই বলে জানিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির কোচ মানুয়েল পেল্লেগ্রিনি।
গত মঙ্গলবার পিএসজিকে বিদায় করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠে সিটি। শেষ চারে প্রতিপক্ষ হিসেবে দশবারের ইউরোপ সেরা রিয়াল মাদ্রিদকে পেয়েছে তারা।
অন্যদিকে গত মঙ্গলবার আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়েছে সবশেষ দুই মৌসুমে শেষ ষোলো থেকে সিটিকে বিদায় করা বার্সেলোনা।
পেল্লেগ্রিনি বলেন, “(বার্সেলোনা বাদ পড়ার সময়) আমি উদযাপন করিনি। কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন, আমি কি তাদের বিপক্ষে খেলতে পছন্দ করি না? আমি বলবো, তাদের বিপক্ষে খেলতে পছন্দ করি না। এই একই দল যখন আপনাকে দুবার হারাবে, তখন মানসিক একটা বাধা থাকতে পারে।”
গত দুই মৌসুমে দুই রকমের বার্সেলোনার কাছে হেরে যাওয়ার কথা বলেন পেল্লেগ্রিনি।
"(দুই বছর আগে) আমি খুশি ছিলাম না। কারণ, এটা সেরা বার্সেলোনা দল ছিল না। কিন্তু (মার্তিন দেমিচেলিসের) ওই পেনাল্টি নিয়ে আমরা দুর্ভাগা ছিলাম।”
“দ্বিতীয় বছর আমরা শক্তিশালী এক বার্সেলোনার বিপক্ষে খেলেছি। নেইমার, মেসি ও সুয়ারেসকে নিয়ে আমাদের চেয়ে ভালো দলটি তাদের সেরা সময়ে ছিল। এই কারণেই তারা শিরোপা জিতেছে।”
ম্যানচেস্টার সিটি আগের চেয়ে উন্নতি করেছে উল্লেখ করে পেল্লেগ্রিনি বলেন, “চ্যাম্পিয়ন্স লিগের এই পর্যায়ে খেলতে হলে আপনাকে সেরা খেলাটা খেলতে হবে। পিএসজির মতো দলকে ছিটকে ফেলাটা গুরুত্বপূর্ণ। আর এটা আপনাকে ভালো পর্যায়ে খেলতে পারার বিশ্বাস জোগাবে।”
এআই





