টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগে পাকিস্তান দলের অনুশীলনে দেখা যায়নি মোহাম্মদ রিজওয়ানকে। দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘মৃদু ঠান্ডা-জ্বরে’ ভুগছিলেন পাকিস্তানি ওপেনার। কিন্তু এখন জানা গেল শুধু জ্বর নয়, সেমির আগে শারীরিক অবস্থা খুব খারাপ ছিল তাঁর। এমনকি ফুসফুসের সমস্যার কারণে সেমির আগে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) যেতে হয়েছে রিজওয়ানকে।
আইসিউ থেকে ফিরে গতকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন রিজওয়ান। মাঠে তাঁর নিবেদন দেখেও বোঝা যায়নি ম্যাচের আগে দুই রাত তাঁকে থাকতে হয়েছে হাসপাতালে।
অবশ্য দুর্ভাগ্যজনকভাবে ম্যাচটিতে ৫ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। ম্যাচের পর রিজওয়ানের লড়াইয়ের গল্প সংবাদমাধ্যমে শেয়ার করেন পাকিস্তান দলের চিকিৎসক নাজিব সুমরো।
সংবাদমাধ্যমকে নাজিব বলেন ‘৯ নভেম্বর ফুসফুসে মারাত্মক সংক্রমণ দেখা দেয় রিজওয়ানের। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং দুই রাত তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন। এরপর অবিশ্বাস্যভাবে সেরে উঠে ম্যাচের আগে ফিট হয়ে ওঠেন। আজ (গতকাল রাতে) আমরা তাঁর নিবেদন ও দৃঢ়তা দেখেছি। পাকিস্তানের হয়ে খেলার জন্য তাঁর স্পিরিট আমরা দেখেছি। তিনি কেমন পারফরম করেছেন, সেটা সবাই দেখেছে।’
রিজওয়ানকে নিয়ে প্রশংসা করেন অধিনায়ক বাবর আজমও। বাবরের মানসিকতা নিয়ে তিনি বলেন, ‘সে যে দল-অন্তঃপ্রাণ, সেটা সে দেখিয়েছে। অসাধারণ এক ইনিংস খেলেছে। তার যে অবস্থা ছিল, তাতে আমার খুব একটা আস্থা ছিল না (তার খেলার ব্যাপার)। তার শরীর পুরোপুরি ঠিক নেই বলে মনে হচ্ছিল। কিন্তু সে বলেছিল, যে অবস্থায়ই আছি, আমি খেলব। একজন অধিনায়ক, তার সতীর্থদের মধ্যে এই ক্ষুধাটাই দেখতে চায়। সে যেমন খেলেছে, এর জন্য আমি খুশি।’
রিজওয়ানের নিবেদনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সাবেক ক্রিকেটার শোয়েব আখতারও। হাসপাতালে থাকা রিজওয়ানের একটি ছবি পোস্ট করে তাঁর নিবেদনের কথা প্রকাশ করেন সাবেক পেসার শোয়েব আখতার।
গতকাল রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে শুরুতে কিছুটা বেশ ভুগতে দেখা যায় রিজওয়ানকে। দুবার জীবন পেয়ে পরে সেট হয়ে যান। খেলেন ৬৭ রানের দারুণ ইনিংস। ৫২ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল তিনটি চার এবং চারটি ছক্কায়।
এমআর





