রিয়াল মাদ্রিদ জয় পায় না। লিগে হেরে ১২তম স্থানে নেমে গেছে। হয়তো এ কথা শুনতে ভাল লাগেনি ক্রিস্টিয়ানো রোনালদোদের। মাঠেই সমালোচনার জবাব দিলেন তারা। হ্যাটট্রিক করলেন রোনালদো, জোড়া গোল করলেন গ্যারেথ বেল ও হাভিয়ের হার্নান্দেজ। আর জেমস রদ্রিগেজের এক গোলের সুবাধে শনিবার প্রতিপক্ষ দেপোর্তিভোকে ৮-২ গোলে হারিয়েছে তারা।
এদিন দেপোর্তিভোর মাঠ স্টেডিও মিউনিসিপ্যাল ডি রিয়াজোরে খেলার ২৯ মিনিটে গোলের সূচনা করেন রোনালদো। এরপর ৩৬ মিনিটে দলকে লিডকে দ্বিগুণ করেন মৌসুমের শুরুতে রিয়ালে যোগ দেয়া জেমস রদ্রিগেজ। বিরতিতে যাওয়ার চার মিনিট আগে নিজের জোড়া গোল পূর্ণ করেন রোনালদো।
বিরতির পর খেলার ৫১ মিনিটে মেদুনজানিন একটি গোল শোধ করে দেন। যেন ক্ষেপে যায় রিয়াল। ৬৬ মিনিটে দলের গোল এক হালি পূর্ণ করেন গ্যারেথ বেল। ৭৪ মিনিটে তার জোড়া গোল পূর্ণ হলে ৫-১ গোলে এগিয়ে যায় সফরকারীরা।
৭৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। তবে ৮৪ মিনিটে আরো একটি গোল শোধ করতে পারে দেপোর্তিভো। ৮৮ ও ৯০ মিনিটে পর পর দুটি গোল করেন হাভিয়ের হার্নান্দেজ। এতে ৮-২ গোলে জয় পায় কোচ কার্লো আনচেলোত্তির শিষ্যরা।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





