বোলিং পরীক্ষা দিতে ইংল্যান্ড যাচ্ছেন পাকিস্তানের অল রাউন্ডার মোহাম্মদ হাফিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বুধবার এ কথা জানান।
গত সপ্তাহে নিউজিল্যন্ডের বিরুদ্ধে আবু ধাবিতে প্রথম টেস্টে হাফিজের সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করা হয়।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) নিয়মানুযায়ী সন্দেহজনক বোলিংয়ের জন্য রিপোর্টেড হওয়ার ২১ দিনের মধ্যে সেই বোলারকে অবশ্যই অনুমোদিত গবেষণাগারে বায়ো-মেকানিক্যাল পরীক্ষা দিতে হবে।
পাকিস্তানের টিম ম্যানেজার মঈন খান জানান, আগামী ২৪ নভেম্বর ইংল্যান্ডের লোব্রোতে পরীক্ষা করাবেন হাফিজ।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দুবাইতে নিউজিল্যন্ডের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন হাফিজ।
পরীক্ষায় কোন ত্রুটি ধরা না পড়লে ২৫ নভেম্বর হাফিজ ফিরে আসবেন বলে জানান মঈন।
জেডআই





