আইসিসি র‍্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ৬০ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের সৌম্য সরকারের। আর বোলার আরাফাত সানির উন্নতি ৪৩ ধাপ।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় আইসিসি ব্যাটিং ও বোলিং র‍্যাঙ্কিংয়ে বড় ধরনের উন্নতি হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যান ও বোলারদের।

ব্যাট হাতে সবচেয়ে বড় উন্নতি হয়েছে তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করা সৌম্য সরকারের। ৬০ ধার এগিয়ে ৬৯তম স্থানে আছেন শেষ ম্যাচে ১২৭ রানে অপরাজিত থাকা এই ব্যাটসম্যান।

তবে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছেন মুশফিকুর রহিম। ১২ ধাপ উন্নতিতে ৬৬৩ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে আছেন মিস্টার ডিপেন্ডেবল। ৬ ধাপ উন্নতিতে ৪৮তম স্থানে নাসির হোসাইন।

দুটি সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরি করা বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল ১৮ ধাপ উন্নতিতে ৩০তম স্থানে উঠে এসেছেন। তবে ব্যাটসম্যানদের তালিকায় কোনো পরিবর্তন ছাড়া ৩৬তম স্থানে আছেন সাকিব আল হাসান।

বিপরীতে র‍্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে বিশ্বকাপে টানা দুটি সেঞ্চুরি করা মাহমুদুল্লাহর। ১১ ধাপ নিচে নেমে ৫৬তম স্থানে আছেন তিনি।

এদিকে বোলিং র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় উন্নতি হয়েছে আরাফাত সানির। ৪৩ ধাপ উন্নতিতে ৫৩তম স্থানে উঠে এসেছেন এই স্পিনার।

বোলিংয়ে বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব। দুই ধাপ উন্নতিতে সপ্তম স্থানে উঠে এসেছেন তিনি। টাইগার অধিনায়ক মাশরাফি এক ধাপ এগিয়ে ২৫তম স্থানে আছেন। ৫৭তম স্থানে থাকা রুবেলের উন্নতি হয়েছে ৫ ধাপ।

ব্যাটিংয়ের মতো বোলিংয়েও অবনতি হয়েছে মাহমদুল্লাহর। ৮ ধাপ নিচে নেমে ৮৯তম স্থানে আছেন তিনি।

জেডআই