টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে শ্রীলংকার কাছে হেরেছে সাবেক চ্যাম্পিয়ন ভারত। ম্যাচটিতে ভারতের ব্যাটসম্যান যুবরাজ সিং ছিলেন অনুজ্জ্বল। ব্যাট হাতে মাত্র ১১ রান করেছেন তিনি। কিন্তু বল খরচ করেছেন ২১টি। তাই ভারতের হারের জন্য যুবরাজকেই দায়ী করেছে সমর্থকরা। এতে চণ্ডীগড়ের একদল উন্মত্ত ক্রিকেটপাগল যুবির বাড়ি ঘেরাও করে পাথর ছোড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ যায় ৷
ফাইনাল ম্যাচে বিরাট কোহলি যখন রান তোলার গতি বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন, তখন যুবরাজ নিজে রান বাড়াতে পারেননি। এমনকী স্ট্রাইক পরিবর্তন করে কোহলিকে ব্যাট করতে পাঠাতেও পারেননি যুবরাজ।
খেলার শেষে ক্যামেরায় যুবরাজকে বারবার দেখানো হচ্ছিল। তার সঙ্গে কেউ কথা বলছে না। একবার যুবি এগিয়ে এসে বিরাট কোহলির সঙ্গে হাত মিলিয়ে গেলেন। বিরাটও দায়সারা ভাবে হাত মেলালেন যুবরাজের সঙ্গে। আসলে এই ভারতীয় দলে যুবরাজের গুরুত্ব কমে গিয়েছে।