মিরপুরে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড। নিয়ম রক্ষার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড জড়ো করেছে ১৬১ রান।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করেন সফরকারী দলের দুই ওপেনার ফিন অ্যালেন ও রাচিন রবীন্দ্র। ৫৮ রানের উদ্বোধনী জুটিতে অ্যালেন একাই করেন ৪১ রান। মাত্র ২৪ বলের মোকাবেলায় হাঁকান ৪টি চার ও ৩টি ছক্কা।
তোপের মুখে পড়া শরিফুল ইসলাম অ্যালেনের পর সাজঘরে ফেরান রবীন্দ্রকেও। তার আগে ১২ বলে ১৭ রান করেন রবীন্দ্র, হাঁকান ৩টি চার। এরপর শ্লথ হয়ে যায় কিউইদের রানের গতি।
এই সুযোগে বাংলাদেশ ৮৩ রানের মধ্যে আরও দুটি উইকেট শিকার করেন। চাপ সামলাতে ধীরস্থির ব্যাটিং শুরু করেন অধিনায়ক টম ল্যাথাম। তবে শেষদিকে তিনিও চড়াও হন। পূর্ণ করেন অর্ধশতকও।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৬১ রান। বাংলাদেশের পক্ষে ২ উইকেট শিকার করা শরিফুল ৪ ওভারে বিলি করেন ৪৮ রান। ভালো শুরুর পরও খরুচে ছিলেন তাসকিন (৪ ওভারে ৩৪ রান), নাসুমরাও (৩ ওভারে ২৫ রান)। ল্যাথাম ৩৭ বলের মোকাবেলায় ২টি করে চার-ছক্কা হাঁকিয়ে ৫০ রান করে অপরাজিত থাকেন।বিডিক্রিকটাইম
সংক্ষিপ্ত স্কোর
টস: নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড: ১৬১/৫ (২০ ওভার)
ল্যাথাম ৫০*, অ্যালেন ৪১, নিকোলস ২১, রবীন্দ্র ১৭
শরিফুল ৪৮/২, আফিফ ১৮/১, নাসুম ২৫/১, তাসকিন ৩৪/১
জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৬২ রান।
এমবি





