বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জার্মানি। শেষ-১৬ তে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২-১ গোলে আলজেরিয়াকে হারায় সাবেক তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর আফ্রিকার শেষ প্রধিনিধি হিসেবে ব্রাজিল থেকে বিদায় নিল আলজেরিয়া।

বাংলাদেশ সময় সোমবার রাত ২টায় শুরু হয় এই দুই দলের লড়াই। তবে শিরোপার অন্যতম দাবিদার জার্মানি বেশ কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। তবে আক্রমণের দিক দিয়ে জার্মানির চেয়ে এগিয়ে ছিল আলজেরিয়াই। মুসলিম দেশ হওয়ায় আলজেরিয়ার অধিকাংশ খেলোয়াড় রোজা রেখেই মাঠে নামেন। কিন্তু রোজার কোনো প্রভাব তাদের উপর পড়েনি। বরং রোজা রেখে তারা আরো ভালো খেলেছে। তবে বিরতির আগে জাল খুজেঁ পায়নি প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে খেলা দলটি।

দ্বিতীয়ার্ধেও সমানে সমান দল দুটি। ৯০ মিনিটে কেউই গোল করতে পারেনি। ফলে অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায় ম্যাচটি। অতিরিক্ত সময়ের শুরুতেই মুলারের বাড়িয়ে দেয়া বল থেকে গোল করে দলকে এগিয়ে নেন আন্দ্রে স্কুরেল। ১১৯ মিনিটে কয়েকবারের চেষ্টা শেষে গোল করে ২-০ ব্যবধানে জার্মানিকে এগিয়ে নেন মেসুত ওজিল। তবে ১২০ মিনিটে একটি গোল শোধ করে দেন আবদেল মোমিনি। ফলে ২-১ গোল জয় নিয়ে শেষ আট নিশ্চিত করেছে জার্মানি।

ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেডআই