এশিয়ান গেমসের জন্য ২৯ সদস্যের প্রাথমকি দল ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিন্তু অনুশীলন ক্যাম্পে এখন ২০ ফুটবলার রয়েছেন।
এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দল অংশগ্রহণ করবে। কিন্তু এই দলে তিন জন ২৩-ঊর্ধ্বো ফুটবলার থাকতে পারবেন। এজন্য দেশের অন্যতম সেরা ফুটবলার জাহিদ হাসান এমিলি ও মিঠুনকে অনুশীলন ক্যাম্পে ডাকা হয়েছিল। কিন্তু তারা চোট ও অসুস্থ্যতার কারণ দেখিয়ে অনুশীলন থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন।
এ ছাড়া অনুশীলনের পর ক্রুইফের দল থেকে বাদ পড়েছেন ওসমান গনি, ইয়ামিন মুন্না, ইমন বাবু, মেজবাহ উদ্দিন, আবদুল মালেক, আতিকুর রহমান ফাহাদ ও আমিনুর রহমান সজীব। ৯ জন খেলোয়াড় না থাকায় ২০ ফুটবলারকে নিয়ে ক্রুইফের দল গঠন করতে হচ্ছে।
২০ জনের চূড়ান্ত দলে যারা থাকছেন: সোহেল, সুজন, লিটন, মিশু, বাদশা, রায়হান, কেস্ট, ইয়াসিন, তপু, নাহিদ, মামুনুল, সোহেল রানা, হেমন্ত, সিফাত, ওমর ফারুক, জামাল ভূঁইয়া, শাহেদ, তকলিস, জুয়েল রানা ও ওয়াহেদ।
এর আগে এশিয়া গেমসে বাংলাদেশ সাতবার অংশ নিয়েছিল। মোট ২০টি ম্যাচে লাল-সবুজদের জয় মাত্র ২টি’তে। বাকি ১৮টি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। ১৯৮২ সালে মালয়েশিয়াকে ২-১ গোলে এবং ১৯৮৬ সালে নেপালকে ১-০ গোলে হারায় বাংলাদেশ।
ঢাকা, ৭ আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই





