কোপা ডেল রে’র সেমিফাইনালে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার মুখোমুখি হবে ভিয়ারিয়াল। বুধবার কোয়ার্টার ফাইনালের লড়াইয়ের দ্বিতীয় লেগে গেটাফের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ভিয়ারিয়াল। এর ফলে বার্সার বিপক্ষে খেলা নিশ্চিত হয়ে যায় তাদের।

কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ভিয়ারিয়াল ১-০ গোলে জিতেছে গেতাফের বিপক্ষে। জয়সূচক গোলটি করেছেন ফরোয়ার্ড গেরার্ড মোরেনো। প্রথম লেগেও গেতাফের বিপক্ষে একই ব্যবধানে জয় পেয়েছিল তারা।

প্রথমবারের মতো ভিয়ারিয়াল সেমি নিশ্চিত করায় আনন্দ প্রকাশ করে কোচ মার্সেলো গার্সিয়া বলেছেন, ‘ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছি আমরা। আর দুটি ম্যাচ পরই ফাইনাল। আমাদের প্রতিপক্ষ খুবই কঠিন। তবে নিজেদের সেরাটা খেলতে পারলে সব কিছুই সম্ভব।’

আগামী ১১ ফেব্রুয়ারি ন্যু ক্যাম্পে সেমিফাইনালের লড়াইয়ে মাঠে নামবে বার্সা ও ভিয়ারিয়াল।

এদিকে, প্রতিযোগিতার আরেক সেমিফাইনালে অ্যাতলেটিকো বিলবাও খেলবে এস্পানিওলের বিপক্ষে। প্রথম লেগে গোলশূন্য ড্র হলেও দ্বিতীয় লেগে মালাগার বিপক্ষে ১-০ গোলে জিতে সেমিফাইনালে উঠেছে বিলবাও। আর দুই লেগ মিলে সেভিয়ার বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে এস্পানিওল।

জেডআই