অপ্রতিরোধ্য হয়ে উঠেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার নিজেদের মাঠ স্ট্যানিয়াগো বার্নব্যুতে কোরনেলার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জিতেছে তারা। এই জয়ের ফলে দুই লেগ মিলে ৯-১ গোলে এগিয়ে থেকে কোপা ডেল রে'তে শেষ ১৬ নিশ্চিত করেছে বস কার্লো আনচেলত্তির শিষ্যরা।

এদিন দলে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল। তবুও জয় পেতে কষ্ট হয়নি তাদের। আর এই সাফল্যে সব ধরনের প্রতিযোগিতায় টানা ১৭ ম্যাচ জয়ের আরো একটি রেকর্ড গড়লো গ্যালাকটিকোরা।

ম্যাচের ১৪ মিনিটের মধ্যেই অধিনায়ক আলভারো আরবেলোয়া পেনাল্টি উপহার দেন সফরকারীদের। কিন্তু স্ট্রাইকার জাভি বনিকোয়ে রিয়ালের তৃতীয় পছন্দের গোলরক্ষক ফার্নান্দো পাচেকোর মাথার উপরে ক্রসবার টপকে বল বাইরে পাঠালে কাতালান ক্লাবটির এগিয়ে যাওয়া হয়নি।

তবে দুই মিনিট পরে কলম্বিয়ান জেমস রদ্রিগেজ কোন ভুল করেননি। আর ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইসকো। বিরতির আগে নিজের তৃতীয় গোল পূর্ণ করেন রদ্রিগেজ।

৬০ মিনিটে বোরা লোপেজের আত্মঘাতী গোলে করনেলা আরো পিছিয়ে পড়ে। শেষ পর্যন্ত ৮৮ মিনিটে বদলী খেলোয়াড় রড্রিগেজ শেষ গোলটি করলে বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

জেডআই