আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) ব্যবস্থাপনায় এবং পাকিস্তান হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে পাকিস্তানের ফয়সালাবাদের কৃষি বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফিতে শুভ সূচনা করেছে বাংলাদেশ পুরুষ ও মহিলা হ্যান্ডবল দল।
বৃহস্পতিবার প্রথম ম্যাচেই নেপালকে ৪১-১৮ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশের ছেলেরা ১৯-১০ গোলে এগিয়ে ছিল।
অন্যদিকে মহিলা বিভাগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা ধরে রেখেছে বাংলাদেশ। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৫২-০৫ গোলে বিধ্বস্ত করেছে আফগানিস্তানকে। বিজয়ী দল প্রথমার্ধে ২৪-০১ গোলে এগিয়ে ছিল। প্রথম ম্যাচে বাংলাদেশ ৪৮-১৩ গোলে ইয়েমেনকে পরাজিত করে দারুন সূচনা করে।
পাকিস্তানে প্রথমবারের মত আয়োজিত এই টুর্নামেন্টে পুরুষ বিভাগে বাংলাদেশ ছাড়াও আরো অংশ নিচ্ছে ভারত, আফগানিস্তান, ইয়েমেন, মালদ্বীপ, নেপাল ও স্বাগতিক পাকিস্তান।
আর মহিলা বিভাগের ছয়টি দল হলো ভারত, নেপাল, বাংলাদেশ, ইয়েমেন, আফগানিস্তান ও স্বাগতিক পাকিস্তান।
জেডআই





