দ্বিস্তর বিশিষ্ট নির্বাচক কমিটি বিসিবির অনুমোদন পাওয়ার 'প্রতিবাদে' নির্বাচক কমিটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন তিনি। এখনো পর্যন্ত পদত্যাগপত্র না পাঠালেও ফারুকের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, শিগগিরই ই-মেইলের মাধ্যমে ক্রিকেট বোর্ডের কাছে পদত্যাগপত্র পাঠাবেন তিনি।

এছাড়া অনলাইনে বার্তা আদান-প্রদানের মাধ্যম ভাইবারে ফারুক নিজেও সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যমে তুমুল সমালোচনার মধ্যেই রবিবার বিসিবি সভায় অনুমোদন পেয়েছে দ্বিস্তর বিশিষ্ট নির্বাচক কমিটি।

গত ৫ জুন বিসিবিতে এক সংবাদ সম্মেলনে কোচ ও ম্যানেজারকে রেখে দুই স্তরের নির্বাচক কমিটি গড়ার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

রবিবারের সভায় সেটিকে অনুমোদন দেয় ক্রিকেট বোর্ড। নির্বাচক প্যানেল ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের নেতৃত্বে নির্বাচক কমিটি নামে দুটি কমিটি গঠন হয়েছে।

নতুন নির্বাচক কমিটি ও তাদের কাজের ধরনও জানিয়েছেন বিসিবি প্রধান। তিন সদস্যের নির্বাচক প্যানেল থেকে বাদ পড়েছেন হাবিবুল বাশার আর সেখানে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ শিপন।

হাবিবুল বাশার এখন থেকে বাংলাদেশ জাতীয় নারী দলের নির্বাচকের দায়িত্ব পালন করবেন।

এমই