বিশ্বকাপের ক্ষতটা শুকিয়ে যায়নি নিশ্চয়ই। এইতো মাত্র কিছুদিন আগেই বয়ে গেল বিশ্বকাপের জ্বর। সেই জ্বরে পুড়েছে অনেকেই; তবে ব্রাজিল যেন পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে এক অবিশ্বাস্য ইতিহাসে নাম লিখিয়েছে ব্রাজিল।
নেইমারবিহীন সেই ব্রাজিল যেন ফুটবল নিয়ে খেলা করাটাই ভুলে গিয়েছিল সেদিন! তবে, আজ শনিবার বাংলাদেশ সময় ভোরবেলার এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। একমাত্র গোলটি এসেছে নেইমারের দুর্দান্ত এক ফ্রি কিক থেকে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি সৈকতের সান লাইফ স্টেডিয়ামে ৭৩ হাজারের বেশি দর্শক উপভোগ করেছেন আজকের এই প্রীতি ম্যাচটি।
নেইমার, অস্কার, রামিরেস, মাইকন, ডেভিড লুইস, ফিলিপ লুইসময় আজকের ব্রাজিল তারকায় জ্বলমল করছিল। তবুও কেন যেন গোল হচ্ছিল না। ব্রাজিলকে দেখা গেছে আবারও তার চিরাচরিত ফুটবলের সৌন্দর্যে। শেষ মুহূর্তে এসে ৮৩ মিনিটের মাথায় ডি বক্সের অনেকটা বাইরে থেকে গোলবারের কোণ ঘেঁষে ফ্রি কিকের বলটি জালে জড়ালেন নেইমার।
আজকের ম্যাচ কী এটিই প্রমাণ করলো যে, নেইমারবিহীন ব্রাজিল মূলত অর্থহীন? গত বিশ্বকাপ যারা দেখেছেন তারা নিশ্চয়ই এ রায় দিয়ে দিবেন! আসলেই ঘটেছিলও তো তাই। নেইমার নাই, আর ব্রাজিল কীভাবে বুনোভাবে হারলো জার্মানির কাছে। তবে, নেইমারকে পেয়ে জার্মানির সেই 'হিংস্র আচরণের' ক্ষত ঘুচানোর চেষ্টা করবে দুঙ্গার ব্রাজিল। সূত্র: গোল ডটকম
ঢাকা, ০৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





