আইসিসি ২০১৫ বিশ্বকাপে শিরোপা নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার বোলিং তোপে শুরুতে চাপে পড়ে যাওয়া নিউজিল্যান্ড দলের হাল ধরেছেন গ্রান্ট ইলিয়ট।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ক্রিজে আছেন রস টেইলর (৩৫) ও ইলিয়ট (৬২)।
এদিন উদ্বোধনী ওভারের তৃতীয় বলে সরাসরি বোল্ড করে ব্রেন্ডন ম্যাককালামকে সাজঘরে পাঠিয়েছেন অসি বোলার মিশেল স্টার্ক।
১২তম ওভারে গ্লেন ম্যাক্সওয়েলের দ্বিতীয় বলে বোল্ড হয়ে মাঠ থেকে বিদায় নেন ওপেনার মার্টিন গাপটিল। অসি বোলারদের তোপে ৩৪ বলে ১৫ রানের বেশি করতে পারেননি তিনি।
১৩তম ওভারের দ্বিতীয় বলে জনসনের হাতে ফিরতি ক্যাচ দিয়ে মাঠ থেকে বিদায় নেন ওয়ানডাউনে খেলতে নামা কেন উইলিয়ামসন। ৩৩ বলে মাত্র ১২ রান করেন তিনি।
দলীয় ৩৯ রানে তিন উইকেট হারিয়ে মহাচাপে পড়ে যাওয়া প্রথমবারের মতো ফাইনালে খেলা নিউজিল্যান্ড।
এরপর কিউইরা তাকিয়ে থাকেন সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে দলকে জয় এনে দেয়া ইলিয়টের দিকে।
রস টেইলরের সঙ্গে ব্যাট হাতে ধৈর্যশীল ব্যাটিং শুরু করেন তিনি। কিন্তু আম্পায়ারের এলবিডব্লিউ'র ভুল সিদ্ধান্তে মাঠ থেকে বিদায় নেয়ার উপক্রম হয়। অবশেষে রিভিউ'তে সেই যাত্রা থেকে মুক্তি পান তিনি।
ব্যাট হাতে জবাবটি ভালোই দিয়েছেন। হাফ-সেঞ্চুরি পূর্ণ করে এগিয়ে চলছেন সেঞ্চুরির দিকে। তার সঙ্গে তাল মিলিয়ে যাচ্ছে রস টেইলর।
রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
জেডআই





