বিশ্বকাপে দুর্দান্ত লড়াইয়ের পর দেশে ফিরে নিজেদের সব অর্জনকে বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেছেন, "সব অর্জন দেশের মানুষের জন্য।"
রোববার সন্ধ্যা পৌনে ৮টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিমানবন্দরে পৌঁছে হাজার হাজার ক্রিকেট প্রেমী ভক্তদের অভিনন্দন আর ভালোবাসায় সিক্ত হলেন মাশরাফিরা।
আইসিসি বিশ্বকাপে এবার নিয়ে টানা পঞ্চমবারের মতো অংশগ্রহণ করেছে বাংলাদেশ। তবে এই প্রথম কোয়ার্টার ফাইনালে খেলেছে টাইগাররা।
সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মাশরাফির নেতৃত্বে দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। কিন্তু বিতর্কিত আম্পায়ারিংয়ের কারণে ভারতের কাছে হেরে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে যায় তাদের। কিন্তু সেই ম্যাচে হেরেও যেন জিতে গেছে লাল-সবুজ বাহিনী।
বাংলাদেশ বিশ্বকাপ জয় করলেও হয়তো অনেক বেশি ভাল লাগত। কিন্তু বাজে আম্পায়ারিংয়ের কারণে ভারতের কাছে হারের পরও যেন আনন্দের কমতি নেই টাইগার সমর্থকদের।
জেডআই





