বাংলাদেশের দেয়া ২০৫ রানের লক্ষ্যে ব্যাট করছে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করা শ্রীলংকা। ব্যাট হাতে টাইগাররা বেশি সফল না হলে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করছে। তাদের বোলিং তোপে ৭৫ রানেই পাঁচ উইকেট হারিয়েছে লংকানরা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করেছে শ্রীলংকা। ক্রিজে আছেন ম্যাথুস (৩০) সিলভা (৪)।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রানের সূচনা করার আগেই প্রথম উইকেট হারায় শ্রীলংকা। ওপেনিং ওভারে আল আমিন হোসাইনের দ্বিতীয় বলে উইকেট রক্ষক এনামুলের তালুবন্দী হন কুসল পেরেরা। ওয়ানডাউনে নামা সাঙ্গাকারা সেই আল আমিনের দ্বিতীয় ওভারে নাসিরকে ক্যাচ তুলে দেন। মাঠে এসেই রান আউটের ফাঁদে জয়াবর্ধনে।
৮ রানে ৩ উইকেট হারানো শ্রীলংকা দলের হাল ধরেন লাহিরু থিরিমান্নে ও প্রিয়াঞ্জন। ২৪ রান করে প্রিয়ঞ্জন আউট হলে তাদের ৩৯ রানের জুটি ভেঙ্গে যায়। পরে ওপেনিং জুটির থিরিমান্নে আউট হন ৩৩ রান করে।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশের উদ্বোধনী জুটির এনামুল হক ও শামসুর রহমান। মাঠ থেকে তাদের বিদায় নেয়ার পর কেউই দলের হাল ধরতে পারেননি। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ২০৪ রান সংগ্রহ করতে পারে স্বাগতিকরা।
দলীয় ৭৪ রানে শামসুর রহমান (৩৯) অজন্তা মেন্ডিজের বলে এলবিডব্লিউ'র শিকার হন। দলের রানের খাতায় আর মাত্র ২ রান যোগ হতেই প্রিয়াঞ্জনের বলে থিরিমান্নের তালুবন্দী হন এনামুল হক। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান মাত্র ১ রানের জন্য এদিন হাফ-সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি। তবে তার ৪৯ রানই দলীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
মিডল অর্ডারের ব্যাটসম্যান নাসির হোসাইন ও মাহমুদুল্লাহ দু'জনই ৩০ রান করে আউট হন। এছাড়া সাকিব আল হাসানের ২০ রানই দুই অঙ্কের ঘরের স্কোর।
লংকান বোলার মেন্ডিজ, লাকমাল, প্রিয়াঞ্জন ও থিসারা প্রত্যেকে দুটি করে উইকেট পান।