ফের যুক্তরাষ্ট্রের উইলিয়ামস পরিবারের দুই বোনের লড়াই দেখতে যাচ্ছে টেনিস বিশ্ব। কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত রজার্স কাপের সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভেনাস উইলিয়ামস ও সেরেনা উইলিয়ামস।

শুক্রবার কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ডেনমার্কের কারোলিন ওজনিয়াকিকে হারিয়েছেন ৩২ বছর বয়সী সেরেনা। ইউনিপ্রিক্স স্টেডিয়ামে ওজনিয়াকিকে ৪-৬, ৭-৫ ও ৭-৫ সেটে হারিয়েছেন তিনি।

এর আগে ১৪তম বাছাই কার্লা সুয়ারেজ নাভারোকে ৪-৬, ৬-২ ও ৬-৩ সেটে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন ৩৪ বছর বয়সী ভেনাস।

এই নিয়ে ক্যারিয়ারে ২৫বার মুখোমুখি হতে যাচ্ছেন উইলিয়ামস পরিবারের দুই কন্যা। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছেন ছোট বোন সেরেনা। ১০বার হারের বিপরীতে ১৪বার জিতেছেন তিনি। আর গত পাঁচবারই ভেনাসকে হারিয়েছেন এই কৃষ্ণকলি।

তবে এই ম্যাচে বড় বোনকে শক্ত প্রতিদ্বন্দ্বী ভাবছেন সেরেনা। কোয়ার্টার ফাইনালের ম্যাচশেষে তিনি বলেছেন, "অবশ্যই আমি তার বিপক্ষে খেলতে চাই না।"

সাতটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ভেনাসের প্রশংসা করে ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক সেরেনা বলেছেন, "তিনি কঠিন প্রতিপক্ষ। দুর্দান্ত সার্ভ করেন। প্রতিটি বলই খুব নিচু করে দেন। তার ব্যাকহ্যান্ড ও ফোরহ্যান্ড উভয়েই দুর্দান্ত। সত্য বলতে কি- তিনি সব কিছুতেই ভাল করেন। ফলে এটি কারো জন্যই সহজ ম্যাচ না।

ঢাকা, ৯ আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই