বাংলাদেশ সময় শুক্রবার রাত একটায় সাও পাওলোয় মুখোমুখি হচ্ছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন। গ্রুপ ‘সি’-র এই দ্বৈরথের আগে দুই ফুটবল-সেনাপতিকে নিয়ে অস্থির উরুগুয়ে-ইংল্যান্ড। কিন্তু বিশ্বকাপে টিকে থাকার স্বপ্ন টিকিয়ে রাখতে হলে সুয়ারেস-রুনির বিকল্পও যে হাতে নেই! ঝুঁকি নিয়ে হলেও তাই একাদশে তাদের নামিয়ে দেওয়ার কথা অস্কার তাবারেস ও রয় হজসনের।


ঝুঁকিটা নিতে হবে- কারণ এই ম্যাচ যারা হারবে, তাদের বিশ্বকাপ শুরু হতে না হতেই হয়ে যাবে শেষ। নিজেদের প্রথম ম্যাচে ইতালির কাছে ১-২ গোলে হেরেছে ইংল্যান্ড। সেটি হয়তো অঘটন না, কিন্তু উরুগুয়ের হার? গত বিশ্বকাপের সেমি-ফাইনালিস্টদের কোস্টারিকার কাছে হার নিঃসন্দেহে চমকে দিয়েছে সবাইকে। কাল তাই সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নের জন্য বাঁচা-মরার লড়াই।


ইতালির কাছে হারলেও ইংল্যান্ডের খেলা প্রশংসা কুড়িয়েছে। কোচ হজসন তো তাঁর অধীনে সেরা পারফরম্যান্স হিসেবেই স্বীকৃতি দিয়েছেন সেটিকে। তবে ‘দুর্ভাগা পরাজিত’ হিসেবে চিত্রিত না হয়ে এবার বিজয়ী-বীর হওয়ার পণ ইংলিশদের।


স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজের কণ্ঠে সেই সুর, ‘শেষ পর্যন্ত গণ্য হয় ম্যাচের ফল; পারফরম্যান্স না। দল হিসেবে আমরা এটি বুঝতে পেরেছি। এখন যদি ভাগ্য একটু সহায়তা করে, তাহলে প্রত্যাশিত ফল আমরা পাব।’


ইংল্যান্ডের সামর্থ্যকে সমীহ করছেন উরুগুয়ে কোচ তাবারেসের। ‘বল পায়ে দৌড়ে এবং সিদ্ধান্ত নিতে তারা বেশ চটপটে। ওদের তাই রুখতে হবে। ইতালির বিপক্ষে যেমন আক্রমণাত্মক খেলেছিল ইংল্যান্ড, আমাদের বিপক্ষেও খেলবে তেমন’ বলে শিষ্যদের সতর্ক করে দিয়েছেন তিনি।


তার আশার বড় একটা জায়গা হয়ে আসতে পারে সুয়ারেসের ঠিক সময়ে ফিটনেসে ফেরা। দল থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে সর্বশেষ মৌসুমে লিভারপুলের জার্সি গায়ে ইংলিশ লিগে ৩৩ ম্যাচে ৩১ গোল করা ফরোয়ার্ড নিজেকে ফিট ঘোষণা করেছেন, ‘আমি শতভাগ ফিট। নইলে আমি এ জায়গায় থাকতাম না। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে যে ফিটনেস ফিরে পাওয়া কঠিন হবে, সেটি জানতাম। কিন্তু এরপর পূর্ণ ফিট হওয়ার চেষ্টা আমি করেছি। আর কখনো ঘুণাক্ষরেও ভাবিনি যে, বিশ্বকাপটা আমি মিস করব।’


এর আগে ১০ বার পরষ্পরের মুখোমুখি হয়েছে উরুগুয়ে-ইংল্যান্ড। তাতে চার জয় লাতিন আমেরিকার দলটির, তিন জয় ইউরোপিয়ান দেশের। তবে এই একাদশ ম্যাচে উরুগুয়ের সম্ভাব্য পঞ্চম কিংবা ইংল্যান্ডের সম্ভাব্য চতুর্থ জয়ের গুরুত্ব হয়তো আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। নইলে যে ব্রাজিল বিশ্বকাপকে বিদায় জানাতে হবে!


ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই