ময়মনসিংহে আজ শুক্রবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা। এ খেলাকে কেন্দ্র করে নতুন সাজে সেজেছে নগরীর রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম।
আজ (৫আগষ্ট) বিকেল চারটায় শেখ জামাল বনাম চট্টগ্রাম আবাহনীর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে ময়মনসিংহে রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে গড়াবে ময়মনসিংহ পর্বের প্রথম ম্যাচটি।
মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিজেদের গ্রাউন্ড স্টাফ পাঠিয়ে তৈরি করেছে খেলার মাঠ। এ লিগকে ঘিরে জেলার ফুটবল প্রেমীদের মাঝেও তৈরী হয়েছে বাড়তি উম্মাদনা।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মুস্তাকিম বিল্লাহ ফারুকী জানান, বিপিএলে অংশ নিতে আসা দলগুলোর প্র্যাকটিস মাঠ, থাকা খাওয়া, নিরাপত্তাসহ সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া বিপিএল প্রচারের ব্যাপক ব্যবস্থা করা হয়েছে।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, এখানকার স্থানীয় প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশন দারুণভাবে সহায়তা করেছে। এ লীগের ব্যাপক প্রচারের লক্ষে জেলা নগরীর বাইরে প্রতিটি উপজেলা শহরে প্রচার মাইক দেয়া হয়েছে। শহরের ৩০টি পয়েন্টে টিকিট বিক্রি হবে। সাধারণ দর্শকদের জন্য ৪৫ টাকা এবং ভিআইপি দর্শকদের জন্য ১০০ টাকার টিকিটের ব্যবস্থা করা হয়েছে।
এমবিএইচি





