পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হয়েছে প্রাণ ফ্রুটো। এর মধ্য দিয়ে দেশীয় কোম্পানি প্রাণ-আরএফএল প্রথমবারের মত যুক্ত হল ক্রিকেটের সঙ্গে। এরপরে টাইগারদের টিম স্পন্সর হিসেবে জাতীয় ক্রিকেট দলের জার্সিতে শোভা পাবে প্রাণ ফ্রুটোর লোগো।
সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের নতুন টিম স্পন্সরের নাম ঘোষণা করা হয়। এ সময় হোম সিরিজে টাইগারদের জার্সিও উন্মোচন করা হয়। বিশ্বকাপের জার্সিটাই থাকছে এবারও।
শুধু টিম স্পন্সর হিসেবে প্রাণ ফ্রুটো লোগো থাকছে। এর আগে টিম স্পন্সরের স্বত্ব বিসিবি থেকে কিনেছিল ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা টপ অব মাইন্ড। যারা এই স্বত্ব বিক্রি করেছে প্রাণ-আরএফএল গ্রুপের কাছে।
আজ সোমবার মিরপুরে স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি’র কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আহসান খান চৌধুরী ও জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
জেডআই





