ফিফার কেলেঙ্কারির যেন আর শেষ নেই। একের পর এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে শাস্তি দিয়েই চলেছে ফিফা এথিকস তদন্ত কমিটি। এবার এই শাস্তির আওতায় পড়তে যাচ্ছেন ফিফা সেক্রেটারি জেরোম ভালকে।
আর্থিক অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে মঙ্গলবার তদন্ত শেষ করেছেন ফিফা এথিকস কমিটির চেয়ারম্যান কর্নেল বরবেলি। তদন্ত প্রতিবেদনে তিনি ভালকে নয় বছরের জন্যে নিষিদ্ধ করার সুপারিশও করেছেন।
প্রতিবেদনে দেখা যায়, জেরোম ভালকের বিরুদ্ধে এক লাখ সুইস ফ্রাঙ্ক আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়েছে। এরই প্রেক্ষিতে তাকে নয় বছরের জন্য নিষিদ্ধ করারও সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত রায় প্রদান করবেন জার্মান বিচারক হ্যানস জোয়াকিম একার্ত। যিনি এর আগে ব্লাটার এবং প্লাতিনিকে আট বছরের জন্য নিষেধাজ্ঞার রায়ও দিয়েছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত ভালকেকে অপরাধী হিসেবে দেখা যাবে না।
এদিকে এক বিবৃতিতে ফিফার এথিকস কমিটি জানিয়েছে, তদন্ত ভালকের আর্থিক লেনদেনের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। যে কারণে তাকে ফুটবলের সব কর্মকাণ্ড থেকে আগামী নয় বছরের জন্য নিষিদ্ধের আবেদন করা হয়েছে।
প্রসঙ্গত, ভালকে এর আগে ৯০ দিনের নিষেধাজ্ঞায় ছিলেন। তবে তার এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানোর সুপারিশ করা হয়েছে এ প্রতিবেদনটিতে। নিষেধাজ্ঞার আগে ফিফার গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে বিপণন বিভাগের প্রধান হিসেবে তিনি কর্মরত ছিলেন।
এমএম





