গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য পোপ ফ্রান্সিসের আহবানে এক প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হচ্ছে। এই ম্যাচে খেলতে মাঠে নামবেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তী ডিয়াগো ম্যারাডোনা। তার সঙ্গে আরো খেলবেন বার্সেলোনা ও আর্জেন্টিনা সুপারস্টার লিওনেল মেসি, ব্রাজিলের নেইমার ও ফ্রান্সের সাবেক বিশ্বকাপজয়ী তারকা জিনেদিন জিদান। রোমের অলিম্পিক স্টেডিয়ামে আগামী ১ সেপ্টেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ম্যাচটির আয়োজন করতে যাচ্ছে বুয়েন্স আয়ার্স ভিত্তিক দাতব্য সংস্থা-পুপি ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ইন্টার মিলানের সাবেক কিংবদন্তী জাভিয়ের জানেত্তি ও পোটেনশিয়াল অ্যাকাডেমি ফর সোস্যাল সায়েন্স।
মূলত ২০১৩ সালে বিশ্ব শান্তির জন্য একটি ম্যাচ আয়োজন করতে জানেত্তিকে অনুরোধ করেছিলেন পোপ ফ্রান্সিস। তখন এটা আয়োজন করা হয়নি। কিন্তু বর্তমানে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরতায় ম্যাচটি আয়োজন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই বিভিন্ন ধর্মের ফুটবলারদেরকে নিয়ে আয়োজন করা হচ্ছে “শান্তির জন্য ম্যাচ”।
এ ম্যাচ নিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, “২০১৪ সালের ১ সেপ্টেম্বর রোমে বিশ্বের সেরা ফুটবল খেলোয়াড়দেরকে নিয়ে একটি ম্যাচের আয়োজন করা হচ্ছে। যেখানে অনেক ধর্মের খেলোয়াড়রা অংশগ্রহ করবেন। এটা হবে শান্তির জন্য আন্ত:ধর্মীয় প্রথম ম্যাচ। আধ্যাত্মিকতা, ভ্রাতৃত্ববোধ ও ক্রীড়া জগতের তারকাদের নিয়ে বিশ্বের শান্তিকামী মানুষের জন্য এটি একটি ঐতিহাসিক ম্যাচ হবে।”
ম্যারাডোনাদের সঙ্গে এই ম্যাচে আরো খেলবেন ইসরাইলি মিডফিল্ডার ইয়োসি বেনিইয়ন। ইংলিশ ক্লাব আর্সেনাল ও চেলসির হয়ে খেলেছিলেন এই ইহুদি ফুটবলার। এছাড়া বৌদ্ধ ধর্মাবলম্বী সাবেক ইতালিয়ান সুপার স্টার রবার্তো বাগিও খেলবেন এই ম্যাচে। খেলবেন জানেত্তিও।
এ বিষয় ১৯৮৬ বিশ্বকাপ জয়ী ম্যারাডোনা বলেছেন, “পোপের আহবানে এমন একটি খেলায় অংশগ্রহণ করা খুবই সম্মানের একটি বিষয়।”
ম্যাচটি সম্পর্কে পুপি ফাউন্ডেশনের মুখপাত্র ‘ফক্স নিউজ লাতিনা’কে জানিয়েছে, “ফুটবল মাঠে বিভিন্ন ধর্মের লোকজনের মিলবন্ধন দেখানোই এই ম্যাচের একমাত্র উদ্দেশ্য। অর্থ উপার্জন এর লক্ষ্য না। আমরা এটাকে সবার কাছে গ্রহণযোগ্য করতে চাই।”
উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে গাজায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনে ৪৭০ জন শিশুসহ ১,৯৬২ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ হাজার একশ’র বেশি মানুষ।
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই





