২০১৬ সালের এএফসি কাপের এই বাছাইপর্বে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ফলে এএফসি কাপে খেলার টিকিট পেল তারা।

শনিবার কিরগিজস্তানের বিশেকেকে স্বাগতিক দল আলাগার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশের প্রিমিয়ার ফুটবল লিগ চ্যাম্পিয়নরা।

নিজেদের প্রথম ম্যাচে বেনফিকা দে ম্যাকাওয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-১ গোলে জিতেছিল শেখ জামাল। অন্যদিকে ম্যাকাওকে ২-০ গোলে হারিয়েছিল আলাগা। ফলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় এই ম্যাচে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হত শেখ জামাল। আর সেটিই করে দেখিয়েছে তারা।

তবে আগের ম্যাচের মতো এই ম্যাচেও খেলার শুরুতে পিছিয়ে পড়েছিল বাংলাদেশের ক্লাবটি। খেলার ২২ মিনিটে লিড নেয় স্বাগতিকরা।

খেলার প্রথমার্ধে এই গোলটি আর শোধ করতে পারেনি ধানমণ্ডির ক্লাবটি। তবে দ্বিতীয়ার্ধে খেলার ৮০ মিনিটে এমেকার গোলে সমতায় ফেরে শেখ জামাল। এই গোলের সুবাদে ড্র নিয়ে মাঠ ছাড়তে পারে সফরকারীরা। সেই সঙ্গে এএফসি কাপ নিশ্চিত করল তারা।

জেডআই